(ভিডিও)নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থানচেষ্টার’ অভিযোগ, গোপন ষড়যন্ত্র ঘিরে রহস্য

SHARE

https://www.facebook.com/share/v/1Eymd23zqs/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক  প্রতিনিধি, মঙ্গলবার ,১৭ নভেম্বর ২০২৬,২ অগ্রহায়ণ ১৪৩৩০৬ জমাদিউস সানি ১৪৪৮:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার অভ্যুত্থানচেষ্টার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী নেতারা। তাদের অভিযোগ, আরব নেতৃত্বাধীন একটি দলের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল নেতানিয়াহুর কার্যালয়। এ ঘটনায় রা’আম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছিল। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত মাসের নির্বাচনের আগে নেতানিয়াহুর কার্যালয় আরব নেতৃত্বাধীন একটি দলের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল বলে সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর জেরেই সোমবার (১৬ নভেম্বর) এ অভিযোগ তোলেন বিরোধীরা। ওই নির্বাচনে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, ‘যতই নতুন নতুন তথ্য সামনে আসছে, ততই বিষয়টি স্পষ্ট হচ্ছে। এটি শুধু নির্বাচন বানচালের চেষ্টা ছিল না, বরং একটি অভ্যুত্থানের চেষ্টা ছিল।’

 

এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ গত রোববার জানায়, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন রা’আম পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

 

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশকে নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীর কথা জানান। ওই ব্যক্তিকে গোয়েন্দা তথ্যের একটি সূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে রা’আম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযোগের কোনো ভিত্তি নেই বলে পুলিশ নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ রোববার জানায়, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের নেতাদের ফোনে আড়িপাতার চেষ্টা করেছিলেন। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় অ্যাটর্নি জেনারেল এতে অনুমতি দেননি।

এ বিষয়ে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা ‘সিদ্ধান্ত গ্রহণ ও তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া পর্যালোচনা করবে’। অন্যদিকে, এসব প্রতিবেদন অস্বীকার করে বিবৃতি দিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

নির্বাচনের পর জয়েন্ট লিস্ট ও রা’আম পার্টি রেকর্ড ১৯টি আসন পাওয়ায় আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগও তুলেছিলেন নেতানিয়াহু।

আল জাজিরা বলছে, জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনও নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থানচেষ্টার’ অভিযোগ তুলেছেন। শিন বেতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি ‘অন্ধকার শাসনব্যবস্থার বৈশিষ্ট্যপূর্ণ আচরণ’ বলে আখ্যা দিয়েছেন।

রা’আম পার্টির উপপ্রধান ও পুলিশের সাবেক প্রধান ইয়োয়াভ সেগালোভিৎস এ ঘটনার জরুরি তদন্ত দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘নেতানিয়াহু চিৎকার করে বলেছিলেন, তার নির্বাচন চুরি করা হচ্ছে। অথচ তিনিই নিজে দেশটিকে চুরি করার চেষ্টা করেছেন এবং এখনো তা চালিয়ে যাচ্ছেন।’

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট লিখেছেন, বিদায়ী প্রধানমন্ত্রী ‘ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’।

  • Advertisement

প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। তবে জয়েন্ট লিস্ট ও রা’আম পার্টি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের প্রতি সমর্থন দেয়ার ইঙ্গিত দিয়েছে।