ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বুধবার,১১ নভেম্বর ২০২৬,২৬ কার্তিক ১৪৩৩৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ফুটবল মাঠে হাজারো সংঘর্ষ হয়। কেউ হালকা চোটে মাঠে শুয়ে পড়ে ব্যথায় কুঁকড়ে যান, কেউ আবার উঠে দাঁড়িয়ে দ্রুত খেলা শুরু করেন। গ্যালারিতে ফিরে আসে দর্শকের করতালি আর উল্লাস। কিন্তু কিছু সংঘর্ষ সব সমীকরণ ও খেলার আবহ বদলে দেয়। ম্যাচের বাঁশি চিরতরে থেমে যায়, চারপাশ ঢেকে যায় শোক, অপরাধবোধ আর এক বুক অসহায়ত্বে।
Advertisement
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সম্প্রতি স্প্যানিশ দ্বিতীয় বিভাগের (সেগুন্দা ডিভিশন) ম্যাচে বল ক্লিয়ার করতে গিয়ে তেমনই এক ভয়াল দুর্ঘটনার শিকার হয়েছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। আর সেই বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষকে হারানোর পর নিজেকেই হারিয়ে বসেছেন এফসি অ্যান্ডোরার ২৫ বছর বয়সী গোলরক্ষক হেসুস ওউয়োনো।
ঘটনাটি গত ২ নভেম্বরের। মুখোমুখি হয়েছিল এফসি অ্যান্ডোরা ও তেনেরিফে। ম্যাচের একপর্যায়ে ডি-বক্সের বাইরে এসে শূন্যে ওঠা বল পা ও মাথা দিয়ে ক্লিয়ার করতে যান অ্যান্ডোরার ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক হেসুস ওউয়োনো। ঠিক তখনই প্রতিপক্ষের আক্রমণভাগে থাকা দে মিগুয়েলের সঙ্গে তার এক মারাত্মক সংঘর্ষ ঘটে। শূন্যেই দুই হেসুসের মুখোমুখি ধাক্কায় নিভে যায় একটি প্রাণ।
সংজ্ঞাহীন অবস্থায় দে মিগুয়েলকে দ্রুত ভর্তি করা হয় স্থানীয় ‘ইউনিভার্সিটি হসপিটাল অব নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়া’র নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরদিন সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মাঠে রেফারি ওউয়োনোকে ‘অতিরিক্ত শক্তি প্রয়োগে সংঘর্ষ’ ঘটানোর জন্য লাল কার্ড দেখালেও, দিনশেষে সেটি আর ফুটবলী শাস্তির জায়গায় সীমাবদ্ধ থাকেনি।
যে মানুষটি সেদিন গ্লাভস হাতে মাঠে নেমেছিলেন স্রেফ গোল ঠেকানোর তাগিদে, তার ওপর এখন পাহাড়সম অপরাধবোধ। পৃথিবীতে দে মিগুয়েলের রেখে যাওয়া স্ত্রী ও তার ২০২৫ সালে জন্ম নেওয়া অবুঝ সন্তানকে কী জবাব দেবেন, সেই প্রশ্নের ভার বইতে পারছেন না ওউয়োনো।
ঘটনার পর থেকেই ওউয়োনো ঘরবন্দী, বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। অনুশীলনে যাননি, বন্ধুদের সঙ্গে কথা বলছেন না। তার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “ওউয়োনো পুরোপুরি বিধ্বস্ত। নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এ মুহূর্তে সে নিজেকেও চিনতে পারছে না।”
নিজের ক্লাব অ্যান্ডোরার অফিসিয়াল বিবৃতিতে ওউয়োনো তার বাকরুদ্ধ অবস্থার কথা বর্ণনা করে বলেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী ঘটে গেছে তা সহ্য করা আমার জন্য অত্যন্ত কঠিন এবং নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। হেসুসকে হারানোর এই শোকে আমি অপরিসীম কষ্ট পাচ্ছি। আমি শুধু তাঁর কথা, তার পরিবারের কথা এবং যারা তাঁকে ভালোবাসতেন—সবার কথা ভাবছি।’
ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ। আইনের মুখোমুখি হওয়া নিয়ে ওউয়োনো বলেন, ‘আমি জানি সামনে হয়তো অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। চরম সম্মানের সঙ্গেই আমি সেসবের মুখোমুখি হব। কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে হেসুসকে হারানোর কষ্ট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার শক্তি আমার নেই। শান্তিতে থেকো, হেসুস।’
ফুটবল অঙ্গন ওউয়োনোর পাশে এসে দাঁড়াচ্ছে। আন্দোরা ক্লাব তার মানসিক স্বাস্থ্যের পরিচর্যায় বিশেষ টিম নিয়োগ করেছে। ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশনের সভাপতি ভেনানসিও তোমাস মিচা জানিয়েছেন, এটি ছিল নিছকই একটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। এই কঠিন সময়ে তার প্রতি পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানিয়ে সব ধরনের মানবিক ও পেশাগত সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ক্লাব সতীর্থ ডিফেন্ডার লাউতারো স্পাটজ ওউয়ানোর সমর্থনে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যারা ওউয়োনোকে চেনে, তারা সবাই জানেন সে কেমন মানুষ। সে এখন ভীষণ কষ্টে আছে এবং সে কখনোই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করার মানুষ নয়। ফুটবলে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেটির পরিণতি যে এতটা বেদনাদায়ক ও নির্মম হতে পারে, তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি।’
এই শোকাবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তেনেরিফে ও অ্যান্ডোরার সেগুন্দা ডিভিশনের ম্যাচ দুটি স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য কোপা দেল রে ও কোপা দে লা রেইনার সব ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। উয়েফার আয়োজনে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতাগুলোতেও (চ্যাম্পিয়ন্স লিগসহ) প্রতিটি ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করা হচ্ছে।
ইকুয়েটোরিয়াল গিনির দরিদ্র পরিবার থেকে উঠে এসে রিয়াল সোসিয়েদাদ একাডেমি ঘুরে অ্যান্ডোরায় জায়গা পাওয়া ওউয়োনো একদা পডকাস্টে বলেছিলেন, “জীবনে সবকিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে না, কিছু ঘটনার সঙ্গে মানিয়ে নিতে শিখতে হয়।” কিন্তু নিজেরই বলা সেই নির্মম সত্য এত বড় ট্র্যাজেডি হয়ে ফিরবে, তা হয়তো রূপকথা থেকে উঠে আসা এই গোলকিপারও কল্পনা করেননি।
Advertisement

এক ফুটবলার আর কোনোদিন সবুজ মাঠে ফিরবেন না, আর অন্য ফুটবলারকে হয়তো সারাজীবন বেঁচে থাকতে হবে সেই রক্তাক্ত মুহূর্তের বিভীষিকা বুকে চেপে।


