
ভারতে ধর্ষণ ও নির্যাতনবিরোধী প্রতিবাদ। ফাইল ছবি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জতিক প্রতিনিধি,শনিবার ১৮ এপ্রিল ২০২৬ || বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :
সতের বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ চার বছর ধরে সংঘবদ্ধ নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের খেদা জেলায়। শনিবার (১৮ এপ্রিল) পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ২০২৩ সাল থেকে একই গ্রামের কয়েকজন যুবক কিশোরীটিকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে বারবার নির্যাতন করে আসছিল। অভিযুক্তদের বয়স ১৯ থেকে ২৬ বছরের মধ্যে এবং ঘটনায় জড়িত আরও একজন এখনো পলাতক রয়েছে।
খেদা টাউন থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা ও শিশু সুরক্ষা আইনের অধীনে মামলা নেয়া হয়েছে। পুলিশ সুপার জানান, অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। তদন্তকারীরা বলছেন, মূল অভিযুক্ত প্রথমে কিশোরীটিকে ফাঁদে ফেলে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেটিকে ব্যবহার করে অন্যদেরও যুক্ত করা হয় এবং দীর্ঘ সময় ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়।
Advertisement

দীর্ঘদিন চাপে থাকার পর কিশোরীটি পরিবারের কাছে বিষয়টি জানালে তারা পুলিশের শরণাপন্ন হয়। এরপরই ঘটনাটি সামনে আসে। পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অপরাধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা চলছে। পলাতক ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


