(ভিডিও)ইরানের ওপর শনিবার কঠোর আঘাতের হুমকি ট্রাম্পের

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক   প্রতিনিধি,শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে শনিবার ‘অত্যন্ত কঠোর আঘাত’ হানা হবে। শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

ট্রাম্প লিখেছেন, “আজ ইরান খুব কঠোর আঘাত পাবে! ইরানের খারাপ আচরণের কারণে, যেসব এলাকা এবং গোষ্ঠীকে এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হয়নি, তাদের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।”

 

তিনি আরো লিখেছেন, “ইরান, যাকে নরকের মতো আঘাত করা হচ্ছে, তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে, এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের উপর গুলি চালাবে না।”

 

ইরানে ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত ১ হাজার ৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। শনিবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ইরান অ-সামরিক স্থানে হামলার অভিযোগ তদন্ত করছে।

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না। কারণ তাদের সামরিক বাহিনী ইসরায়েলের সাথে হামলা চালিয়ে যাচ্ছে এবং বেশ কয়েকটি উপসাগরীয় দেশগুলিতে প্রতিশোধমূলক গুলি চালানোর লক্ষ্যে কাজ করছে। শনিবার তিনি এ কথা বলেছেন।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া তার সরকার তেহরানের সাথে আলোচনা করবে না। এর পরপরই ইরানের প্রেসিডেন্ট এ ঘোষণা করেছেন।

 

রাষ্ট্রীয় টিভিতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে পেজেশকিয়ান বলেন, “তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে।”

এক সপ্তাহ আগে সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার পর থেকে, একজন উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত তিন সদস্যের একটি নেতৃত্ব পরিষদ ক্ষমতায় রয়েছে। এতে পেজেশকিয়ান – একজন তুলনামূলকভাবে মধ্যপন্থী – পাশাপাশি বিচার বিভাগের কট্টরপন্থী প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এবং সিনিয়র ধর্মীয় নেতা আলীরেজা আরাফি রয়েছেন।

 

ব্রিটিশ ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান, লক্ষ্য ইরান

যুক্তরাজ্যের ঘাঁটিগুলো থেকে ইরানের ক্ষেপণাস্ত্র সাইটগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেওয়ার অনুমতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

এই অনুমতির পরই স্থানীয় শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের ‘রয়্যাল এয়ার ফোর্স’ ফেয়ারফোর্ড ঘাঁটিতে ১৪৬ ফুট লম্বা একটি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান অবতরণ করেছে। খবর আল-জাজিরার।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনকসহ বেশ কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করার জন্য প্রধানমন্ত্রী স্টারমারের সমালোচনা করেছিলেন।

তবে স্টারমার তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন যে, এই যুদ্ধটি সম্ভবত বেআইনি হতে পারত এবং এতে কোনো কার্যকর বা সুপরিকল্পিত পরিকল্পনার অভাব ছিল।

হামলায় ইরানের ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ইরানে কেবল সামরিক স্থাপনায় নয়, বরং বেসরকারি স্থাপনাকেও ব্যাপকভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর আল-জাজিরার।

শনিবার ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা বা ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হামলার শিকার বেসরকারি লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি হাসপাতাল, ৬৫টি স্কুল ও ১৩টি রেড ক্রিসেন্ট কেন্দ্র।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উদ্ধারকাজ চালানোর সময় রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

দুবাই বিমাববন্দরের সব কার্যক্রম স্থগিত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কিছুক্ষণ আগে জানিয়েছে, তারা সাময়িকভাবে তাদের সব কার্যক্রম ‘স্থগিত’ করেছে। খবর আল-জাজিরার।

শনিবার (৭ মার্চ) বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘যাত্রী, বিমানবন্দরের কর্মী এবং এয়ারলাইন ক্রুদের নিরাপত্তার স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইতিমধ্যে একাধিকবার কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমিতভাবে কিছু ফ্লাইট চালু রাখা হয়, পুরোপুরি স্বাভাবিক অবস্থা এখনও ফেরেনি।

বিশ্বব্যাপী বিমান চলাচলও এর ফলে প্রভাবিত হয়েছে। যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে, ফ্লাইটের অবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বিমানবন্দরে না যাওয়া।

মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা পারস্য উপসাগরে ‘প্রিমা’ নামের একটি তেল ট্যাংকার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্যমতে, ‘হরমুজ প্রণালীতে যাতায়াত নিষেধাজ্ঞা ও অনিরাপদ পরিস্থিতির বিষয়ে আইআরজিসির নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর’ এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে  বলা হয়, স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) সকালে ‘আইন লঙ্ঘনকারী ট্যাংকারটির’ বিরুদ্ধে এই ঘটনাটি ‘কয়েক মিনিট আগে’ ঘটেছে।

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ হলো মাল্টার পতাকাবাহী একটি তেল ও রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার।

শর্তসাপেক্ষে প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের

শর্তসাপেক্ষে প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। শনিবার (৭ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

পেজেকিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোতে আর কোনো হামলা চালানো হবে না- যদি না সেখান থেকে ইরানের ওপর কোনো আক্রমণ শুরু হয়। তিনি জানান, শুক্রবার (৬ মার্স) ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

ইরানের প্রেসিডেন্ট গত কয়েক দিনের সামরিক পদক্ষেপগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পাশাপাশি সতর্ক করে জানান, যদি কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা হয়, তাহলেই কেবল তেহরান পাল্টা ব্যবস্থা নেবে।

ইরানে রাতভর ৮০ যুদ্ধবিমান দিয়ে ২৩০টি বোমা ফেলেছে ইসরায়েল

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুসারে, ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি স্থানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) সকালে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, গত রাতের এই বিশাল হামলায় তাদের ৮০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তথ্যানুযায়ী, তারা ইরানের বিভিন্ন ‘সামরিক অবস্থানে’ মোট ২৩০টি বোমা নিক্ষেপ করেছে।

আইডিএফের দাবি, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল- আইআরজিসি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অবকাঠামো সম্বলিত একটি মজুত কেন্দ্র, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ গোপন আস্তানা।

আরব আমিরাত ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সামরিক অভিযানের নতুন ধাপে তারা মার্কিন অবস্থানগুলোর ওপর নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের সমন্বিত হামলা চালিয়েছে।

শনিবার (৭ মার্চ) ইরানের বার্তা সংস্থা ইরনা-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি। সেখানে নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, এই হামলায় একটি উন্নত ‘আর্লি-ওয়ার্নিং রাডার সিস্টেম’, এমকিউ-৯ ড্রোন রক্ষণাবেক্ষণের হ্যাঙ্গার এবং ইউ-২ সহ মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে।

এছাড়াও, আইআরজিসি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। তারা দাবি করেছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা, জ্বালানি মজুত কেন্দ্র এবং মার্কিন বিমান চলাচলের জন্য ব্যবহৃত দুটি রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে সর্বশেষ যেসব ঘটনা ঘটেছে

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানের লক্ষ্যবস্তুগুলোতে ‘ব্যাপক মাত্রায়’ হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরায়েল জুড়েও দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ।

লেবানন জানিয়েছে, বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

জর্ডান জানিয়েছে, দেশটির আকাবা শহরের আকাশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

বাইরাইন জানিয়েছে, দেশটিতে রাতভর দুইবার ড্রোন/ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, তারা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছুড়ে দেওয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়াও শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ড্রোনগুলোকেও তারা ভূপাতিত করেছে।

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি ‘ক্ষেপণাস্ত্র প্রতিহত’ করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে সামান্য দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, কুয়েতে ইরানি হামলায় নিহত ৬ মার্কিন সেনার মরদেহ আজ শনিবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলাওয়্যারের ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে এই শোক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

দুবাই বিমানবন্দরে নামতে পারছে না বিমান

দুবাই কর্তৃপক্ষ বলেছে, আকাশে একটি বস্তু (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ নিচে পড়ায় একটি ‘সামান্য দুর্ঘটনা’ ঘটেছে।

শনিবার (৭ মার্চ) দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি ‘সফলভাবে নিয়ন্ত্রণে’ আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো দুর্ঘটনার যে খবর ছড়িয়েছে, তা সরাসরি অস্বীকার করেছে।

তবে অনলাইন ফ্লাইট ট্র্যাকার ‘ফ্লাইটরাডার২৪’ জানায়, দুবাই অভিমুখী বেশ কিছু ফ্লাইট বর্তমানে বিমানবন্দরের অবতরণ না করে আকাশে অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

ট্রাম্পের আত্মসমর্পণের প্রস্তাবকে পাত্তা দিচ্ছে না ইরান

ইরানি সাংবাদিক ও সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি বলেছেন, ইরানের আত্মসমর্পণ এবং তেহরানের পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি জানিয়েছেন, তা তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। খবর আল-জাজিরার।

আল-জাজিরাকে আসলানি বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে ইরান পরিবর্তনের চেয়ে তাদের ধারাবাহিকতা বজায় রাখার সংকেত দিচ্ছে।”

তিনি আরো বলেন, “তারা (ইরান সরকার) বলছে যে প্রধান নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর ওপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই মন্তব্যগুলোকে ইরানি কর্মকর্তারা স্রেফ উপহাস করছেন।”

আসলানি যোগ করেন, “গত কয়েক দিন ধরে তেহরানের বক্তব্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসার বা আপস করার কোনো লক্ষণই দেখাচ্ছে না।”

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি সামরিক বাহিনী কিছুক্ষণ আগে জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হুমকি মোকাবিলায় কাজ করছে। খবর আল-জাজিরার।

সামরিক সূত্রের খবর অনুযায়ী, জেরুজালেম, দক্ষিণ নেভগেভ এবং ইসরায়েলের দক্ষিণের বিস্তীর্ণ অংশে হামলার সাইরেন বাজছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে কার্যকর রয়েছে।

ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ১৫১.৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য গোলাবারুদ ও সামরিক সহায়তা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছে। খবর আল-জাজিরার।

পররাষ্ট্র দপ্তারের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে, একটি ‘জরুরি অবস্থা বিদ্যমান, যার ফলে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রি করা প্রয়োজন’।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বিবৃতিতে আরো বলা হয়, “এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে। এটি এমন এক কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করবে, যারা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে আসছে এবং বর্তমানেও করছে।”

এই জরুরি প্যাকেজের মধ্যে বিএলইউ-১১০এ/বি বোমা, সেইসঙ্গে লজিস্টিক ও রক্ষণাবেক্ষণ সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।