গ্রেপ্তার এসপি আজাদ, নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা

SHARE

গ্রেপ্তার এসপি আজাদ, নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা

  • ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর খিলগাঁও প্রতিনিধি, বৃহস্পতিবার,২৬ নভেম্বর ২০২৬,১১ অগ্রহায়ণ ১৪৩৩১৫ জমাদিউস সানি ১৪৪৮:

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত আজাদসহ দুই এসপি ও দুই অতিরিক্ত এসপি গ্রেপ্তার হলেন।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

গতকাল বুধবার গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।

ঝালকাঠির বাসিন্দা আজাদ ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তার অন্য তিন কর্মকর্তা হলেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত এসপি আবুল হাসান ও মো. রাকিবুল হাসান। ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

অতিরিক্ত এসপি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কথা আজ জানিয়েছে ডিএমপি।

কারাগারের সামনে থেকে তুলে নেওয়া হয় জনিকে

২০১৫ সালের ১৯ জানুয়ারি ছোট ভাইকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন নুরুজ্জামান জনি। তাঁর পরিবারের অভিযোগ, কারাগারের সামনে থেকে জনি ও তাঁর এক সঙ্গীকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ডিবি দাবি করেছিল, ‘বন্দুকযুদ্ধে’ জনি নিহত হয়েছেন।

এ ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে খিলগাঁও থানায় ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও জনিকে হত্যার অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে ডিবি গতকাল আজাদকে গ্রেপ্তার করে।

বাহিনীর ভেতরে নজরদারি অব্যাহত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সময়ে বাহিনীর ভেতরেও নজরদারি বাড়ানো হয়েছে।

গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। সরকার তাঁদের কঠোর নজরদারিতে রেখেছে। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণ-অভ্যুত্থান-পূর্ববর্তী সময়ে কর্মস্থলে দায়িত্ব পালনকালে সংঘটিত অপরাধে জড়ানোর অভিযোগ আছে। গ্রেপ্তারের ক্ষেত্রে সেসব অভিযোগের কথা সামনে আসছে। তবে এত দিন পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাওয়া তথ্যও ভূমিকা রাখছে।

  • Advertisement

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা গতকাল প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে, তাঁদের কর্মকাণ্ড গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।