ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আইন আদালত প্রতিনিধি, রোববার,১৫ নভেম্বর ২০২৬,৩০ কার্তিক ১৪৩৩০৪ জমাদিউস সানি ১৪৪৮:
চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিকেল তিনটার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কড়া নিরাপত্তায় একটি দল মাইক্রোবাসে করে তাকে আদালতে নিয়ে আসে।
জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।
এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং ‘জান বাজি রেখে সবাই মাঠে নামার’ বিষয়ে বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
আজ সকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ডিআইজি বলেন, এসপি জাহাঙ্গীর আলমের ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। এর একটি হলো, ‘ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে’। অন্যটিতে ডিসেম্বরে ‘জান বাজি রেখে সবাই মাঠে নামবে’ বলে উল্লেখ রয়েছে। এসব বার্তা এজাহারেও উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোনে পাওয়া এসব বার্তার সূত্র ধরেই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোন দুটি ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
ডিআইজি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। এখন নিয়মিত মামলার তদন্তের পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও চলবে। তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলা ও বিভাগীয় তদন্ত দুই প্রক্রিয়ায়ই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
-
Advertisement

গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।



