উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,রোববার,১৫ নভেম্বর ২০২৬,৩০ কার্তিক ১৪৩৩০৪ জমাদিউস সানি ১৪৪৮:

স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত রেজওয়ান ইসলাম মুকুল। এরপর ইউনিয়ন পর্যায় থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দল ক্ষমতায় থাকাকালীন ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। দুঃসময়েও দল ছেড়ে যাননি। বর্তমানে দল পুনরায় ক্ষমতায়। দলের সুসময়ে স্বাভাবিকভাবেই বিএনপির পরীক্ষিত নেতা হিসেবে মুকুলের সামনের সারিতে থাকার কথা ছিল। কিন্তু সময়ের ব্যবধানে বদলে গেছে জীবনের বাস্তবতা। জীবনযুদ্ধে টিকে থাকতে এখন তিনি ইজিবাইক চালক।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

রেজওয়ান ইসলাম মুকুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে।

 

জানা যায়, ১৯৮৭ সালে ৮ম শ্রেণিতে পড়ার সময় ছাত্র রাজনীতে যোগ দেন মুকুল। এরপর বারোবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসার পর  উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন বর্তমান উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এরপর মুকুল আর রাজনীতিতে কোনো পদ পাননি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুকুলের নামে ৭টি মামলা হয়। হুলিয়া জারি হলে ২০১৭ সালে তিনি এলাকা ত্যাগ করে যশোর চলে আসেন। সেই থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে যশোরের পালবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছেন তিনি।

 

রেজওয়ান ইসলাম মুকুল বলেন, ‘সততার সাথে রাজনীতি করেছি। বিগত ১৭ বছর রাজনৈতিক মামলা-হামলা ও নানা প্রতিকূলতার কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ২০২৬ সালে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট করেছি। ৫ আগস্টের পর অনেক টাকা উপার্জন করতে পারতাম। কিন্তু অবৈধ উপার্জন করি নাই।’

 

‘গ্রামের বাড়ির ২ বিঘা জমি বন্ধক দিয়ে যশোরে এসে একটি ইজিবাইক কিনেছি। এই ইজিবাইক চালিয়ে যা আয় হয় তা  দিয়েই সন্তানদের লেখপড়া ও সংসারের খরচ মেটাই,’ যোগ করেন তিনি।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় কোমরের হাড়ে আঘাত পেয়েছেন মুকুল। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। রোদ-বৃষ্টি, শারীরিক ক্লান্তি উপেক্ষা করে প্রতিদিন ইজিবাইক নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাকে। না হলে পরিবারের সদস্যদের মুখে খাবার জোটে না। নিজের কষ্টের চেয়েও বেশি ভাবায় সন্তানদের ভবিষ্যৎ। সন্তানদের চাকরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন তিনি।

 

কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ আনোয়ার পরাগ বলেন, ‘আমি ২০০৩ সালে কালীগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি ছিলাম। তখন থেকে দেখছি, মুকুল সততার সঙ্গে রাজনীতি করেছেন। রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি আছে। কিন্তু দলের সুসময়ে মুকুল ভাইয়ের ভালো থাকার কথা ছিল। আশাকরি, প্রধানমন্ত্রী তারেক রহমান মুকুল ভাইয়ের দিকে সুদৃষ্টি দেবেন।’

 

কথা হয় মুকুল যে কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সেই কমিটির সভাপতি হামিদুল ইসলাম হামিদের সঙ্গে। তিনি বলেন, ‘মুকুল যশোরে ইজিবাইক চালায়। প্রথমে এটি তেমন কেউ জানতো না। এখন আস্তে আস্তে সবাই জানতে পারছে। তার কষ্টের কথা শুনে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ দেখা করতে বলেছেন।’

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘প্রায়ই রেজওয়ান ইসলাম মুকুলের সঙ্গে কথা হয়। কিন্তু তিনি যে ইজিবাক চালান সেটি আপনার মাধ্যমে জানতে পেরেছি। বিগত আন্দোলন সংগ্রামের সময় ছাত্রদল-যুবদলের অনেক নেতাকর্মী গার্মেন্টসের শ্রমিক, ইজিবাইক, রিকশা চালিয়ে জীবনযাপন করেছেন। দলের সুসময়ে আশাকরি ত্যাগী, পরিশ্রমী নেতাকর্মীরা মূল্যায়িত হবেন।’

  • Advertisement

‘রেজওয়ান ইসলাম মুকুলের জন্য আমার অবস্থান থেকে তার পাশে থাকার চেষ্টা করব,’ বলেন রাশেদ খান।