ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, সোমবার, ০২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩২১ জমাদিউল আউয়াল ১৪৪৮:
ইসরায়েলের সামরিক বাহিনী, অর্থনীতি এবং রাষ্ট্রীয় কাঠামোগুলো এক ‘অপূরণীয় বিপর্যয়ের’ মুখোমুখি দাঁড়িয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতজাক ব্রিক। তিনি বলেন, ইসরায়েল তার আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েছে। এমম পরিস্থিতিতে বেশি দিন টিকে থাকা কঠিন। খবর আনাদোলুর।
ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক ‘মারিভ’-এ প্রকাশিত এক মতামত কলামে দেশটির বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ ধস’ হিসেবে বর্ণনা করেছেন ব্রিক। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফলকে ‘আমাদের চেনা ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যুসনদ’ বলে মন্তব্য করেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমের এই ভূমিকা নিয়ে তিনি লেখেন, তাদের এ ধরনের কাভারেজ ঠিক যেন ডুবন্ত টাইটানিক জাহাজে বাজতে থাকা শেষ অর্কেস্ট্রা সংগীতের মতোই এক দৃশ্য।
সশস্ত্র বাহিনীর কলেজসমূহের সাবেক অধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৈন্য অভিযোগ সংক্রান্ত ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করা ব্রিক বলেন, ইসরায়েল আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক একঘরে রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে এমন চরম বিচ্ছিন্নতায় টিকে থাকতে পারবে না বলেও সতর্ক করেছেন তিনি।
ইসরায়েলি পদাতিক বাহিনীর কাঠামোগত ধস এবং মনোবল ভাঙনের কথা উল্লেখ করে ব্রিক যুক্তি দেন, দেশের ভেতর ও বাইরে থেকে আসা বহুমুখী হামলা ঠেকাতে সামরিক বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতা আর অবশিষ্ট নেই। এক ক্লান্ত ও পরিশ্রান্ত সেনাবাহিনীর পক্ষে কোনও বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানো বা সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধে নাগরিকদের সুরক্ষা দেয়া সম্ভব হবে না।
-
Advertisement

ব্রিক আরও জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দেশটির জাতীয় ঋণ ১ দশমিক ৪ ট্রিলিয়ন শেকেলে (প্রায় ৪৪৫ বিলিয়ন মার্কিন ডলার) গিয়ে ঠেকেছে। এর সঙ্গে যুক্ত হওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহে বিধিনিষেধ এবং ক্রমবর্ধমান আর্থিক বিচ্ছিন্নতা সংকটকে আরও ঘনীভূত করছে বলে উল্লেখ করেন তিনি।




