ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার ২৯ জুন ২০২৬ || আষাঢ় ১৫ ১৪৩৩ || ১৩ মহররম ১৪৪৮ হিজরি :
থাইল্যান্ডে একটি স্যুটকেসের ভেতর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সময় গত শনিবার (২৭ জুন) ভোরের দিকে পাতায়ায় রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা ওই স্যুটকেস থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে সাইমন পিটার কারম্যান নামের ওই অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কারম্যান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তারের পর ভুক্তভোগীর পরিবারের উদ্দেশে দেয়া এক বার্তায় কারম্যান বলেন, ‘আপনার মেয়ের সাথে যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। ফুটেজে দেখা গেছে, গত বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় ভোর ৩টা ৩৪ মিনিটে কারম্যান ওই কিশোরীকে সঙ্গে নিয়ে একটি কনডোমিনিয়ামে (আবাসিক ভবন) প্রবেশ করছেন। এরপর ওই দিনই গভীর রাতে একটি ‘বড় স্যুটকেস হাতে’ ভবন থেকে বের হন তিনি।
এরপর শনিবার রাতে বিমানবন্দর থেকে কারম্যানকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করে পুলিশ। এর ঠিক ১৫ মিনিট পর স্যুটকেসের ভেতর থেকে ওই কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।
কারম্যান তার বিরুদ্ধে আনা হত্যা, লাশ গুম বা স্থানান্তর এবং নাবালিকার সঙ্গে কিশোরীকে যৌন সম্পর্ক স্থাপনের অস্বীকার করেছেন। তার দাবি, আত্মরক্ষার্থে এই কাজ করেছিলেন তিনি।
থাই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কারম্যান পুলিশকে জানিয়েছেন যে তিনি ওই কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য প্রায় ৩০ মার্কিন ডলার দিতে রাজি হয়েছিলেন। কিন্তু অ্যাপার্টমেন্টে ফেরার পর তিনি ১৫ ডলার দিতে চাওয়ায় তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) থাই পুলিশ জানিয়েছে, কারম্যানের আরেকটি দাবি হলো—তিনি যখন ঘুমাচ্ছিলেন, তখন ওই কিশোরী ‘ঘর থেকে নিখোঁজ’ হয়ে যায়।
পাতায়া সিটি পুলিশ স্টেশনের সুপারিনটেনডেন্ট কর্নেল আনেক সরাথংইউ এবিসিকে বলেন, ‘কারম্যানের শরীরে নখের আঁচড় রয়েছে, যা ধস্তাধস্তির চিহ্নের সাথে মিলে যায়। তবে তিনি তাকে হত্যার কথা অস্বীকার করছেন।’
Advertisement

পুলিশের অন্য একটি ভিডিও ক্লিপে কারম্যানকে যখন ওই আঁচড়ের দাগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি উত্তর দেন, ‘আমার মনে হয় এটি মাকড়সার কামড়। এখানে সবসময়ই মাকড়সা ঢোকে।’

রেললাইনের পাশে স্যুটকেসে মিলল থাই কিশোরীর মরদেহ। ছবি: রয়টার্স



