(ভিডিও)লক্ষ্মীপুরে মাটির নিচে মাদকের গোপন আস্তানা, সুড়ঙ্গে মিলল বিছানা-বালিশ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,লক্ষ্মীপুর প্রতিনিধি, রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি :

বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ এক মাটির ঢিবি। কিন্তু সেই মাটির নিচেই সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে একটি গোপন সুড়ঙ্গ বা ‘বাঙ্কার’। ভেতরে রয়েছে থাকার জন্য বিছানা, বালিশ এমনকি ওঠানামার জন্য কাঠের সিঁড়িও। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে মাদক সেবন ও বিক্রির এমন এক অভিনব আস্তানার সন্ধান মিলেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

ঘটনাটি ঘটেছে ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রফুল্ল সাহার বাড়ির পাশের একটি বাগানে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, বাগানের ভেতরে মাটি খুঁড়ে কক্ষটি তৈরি করা হয়েছে। ওপর থেকে যাতে কেউ বুঝতে না পারে, সেজন্য বাঁশ ও গাছের ডাল দিয়ে তৈরি ঢাকনা ব্যবহার করা হতো। ভেতরে একসঙ্গে তিন থেকে চারজন অনায়াসেই অবস্থান করতে পারতেন। শুধু তাই নয়, সেখানে রাত কাটানোর সব ব্যবস্থাই ছিল।

এলাকাবাসীর অভিযোগ, প্রফুল্ল সাহার ছেলে সুজন সাহা (ভক্ত) দীর্ঘদিন ধরে এই সুড়ঙ্গ তৈরি করে সেখানে মাদক সেবন ও কেনাবেচার কার্যক্রম চালিয়ে আসছিলেন। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে বহিরাগতদের আনাগোনা ছিল এবং নিয়মিত মাদকের আসর বসত।

সম্প্রতি এই গোপন আস্তানাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সুড়ঙ্গের ভেতরের কাঠামো ও প্রবেশপথ স্পষ্ট দেখা যায়। এরপরই স্থানীয় সচেতন জনতা একত্রিত হয়ে সুড়ঙ্গটি ভেঙে ফেলে এবং ভরাট করে দেয়।

দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারী বলেন, “সুজন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বাগানের ভেতরে মাটির নিচে সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই গোপন আস্তানা বানিয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো এলাকার মানুষ ক্ষুব্ধ।”

এ বিষয়ে জানতে সুজন সাহার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও তার অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তবে সুজনের স্ত্রী সুবাঙ্কা সাহা বলেন, ওই জায়গায় আমার স্বামী মাঝে মাঝে আড্ডা দিতেন এবং সিগারেট খেতেন। এর বাইরে আমি কিছু জানি না।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সুজনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মাটির নিচে সুড়ঙ্গ বানিয়ে এমন কর্মকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় অভিভাবকরা।

লক্ষ্মীপুরে মাটির নিচে মাদকের গোপন আস্তানা, সুড়ঙ্গে মিলল বিছানা-বালিশ