(ভিডিও)সহিংসতার পথেই রাজনীতিতে ফেরার চেষ্টায় আ. লীগ, কঠিন বলছেন বিশ্লেষকরা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,শনিবার,২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩১০ জমাদিউস সানি ১৪৪৮:

রাজনীতিতে ফেরার পথ হিসেবে সহিংসতাকেই বেছে নিচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। অগ্নিসংযোগ, ভাঙচুর থেকে শুরু করে হামলা ও হত্যার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে উসকানি দেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ১৪০০ মানুষকে হত্যাকাণ্ডের পরও এ ধরনের সহিংসতা অব্যাহত থাকায় প্রশ্ন উঠছে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার কৌশল নিয়ে। বিশ্লেষকদের মতে, সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনীতিতে ফিরে আসা কিংবা জনসমর্থন অর্জন করা সম্ভব নয়।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সম্প্রতি প্রকাশিত একটি অডিওতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আক্রমণাত্মক বক্তব্য দিতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, বিএনপি পাইলে আপনারা তো বইসা থাকেন পাইলে বাইড়াইয়া ঠ্যাং ল্যাংড়া কইরা দিয়ে উধাও হইয়া যাইবেন।

একই ধরনের বক্তব্য শোনা গেছে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদের কণ্ঠেও। তাকে বলতে শোনা যায়, জাতির জনকের কন্যা বলছে পানি না চোখে জল না চোখে অগ্নি জ্বালো আগুন জ্বালো, আমরা আগুনে লেলিহার শিখা দেখতে চাই। পলাতক নেতাদের এমন বক্তব্যের মধ্য দিয়ে সহিংস কর্মকাণ্ডে উৎসাহ দেয়ার অভিযোগ আরও জোরালো হচ্ছে।

 

এদিকে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সহিংস কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু হচ্ছে হাসপাতাল, থানা ও ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও। ফলে রাজনৈতিক বিরোধের প্রভাব সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার ওপরও পড়ছে।

 

সাধারণ মানুষের মতে, বছরের পর বছর বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুলে আসা আওয়ামী লীগ নিজেরাই এখন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সেই ধরনের রাজনীতির উদাহরণ তৈরি করছে। জ্বালাও-পোড়াওয়ের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে তাদের মধ্যে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

এ বিষয়ে এক ব্যক্তি বলেন, জ্বালাও-পোড়াওয়ের কারণে সাধারণ জনগণসহ সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতদিন বিরোধী দলকে যেভাবে উপস্থাপন করা হতো, তার বিপরীতে গিয়ে প্রকৃত সত্য ও বাস্তবতা কী, তা এখন আমরা উপলব্ধি করতে পারছি এবং দেখতে পাচ্ছি।

বিশ্লেষকদের মতে, নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায় ফিরে আসার চেষ্টা কোনোভাবেই কার্যকর কৌশল হতে পারে না। বরং এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দলের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করে। জনজীবনে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে রাজনৈতিক সমর্থন অর্জনের পরিবর্তে জনবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাই বেশি।

রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান মনে করেন, আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পেছনে সরকারের প্রতিক্রিয়াকে কাজে লাগানোর একটি উদ্দেশ্য থাকতে পারে। আওয়ামী লীগ চায় সরকার কোনো না কোনো পর্যায়ে বল প্রয়োগ করুক। সরকার যদি অতিরিক্ত বল প্রয়োগ করে এবং এর ফলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটে, তাহলে আওয়ামী লীগ সেই ঘটনাকে প্রচার করে সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করতে পারে। এর মাধ্যমে পুরো শাসনব্যবস্থাকে বৈধতার সংকটে ফেলার চেষ্টা করা হতে পারে।

অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা আবু রুশদের মতে, বর্তমান পরিস্থিতিকে আর স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, এখন কিন্তু আর এটা রাজনীতি নেই। তারা যা করছে, তা নিতান্তই গোয়ার্তুমি। তারা সব সময় এমন পরিস্থিতি তৈরি করে, যেখানে আন্দোলনের মুখে সরকার ও জনগণকে একপ্রকার জিম্মি করে ফেলা হয়। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়া সরকারের সামনে আর কোনো উপায় থাকে না। এমন পরিস্থিতি আমরা ১৯৯৪ থেকে ১৯৯৬ সালেও দেখেছি।

  • Advertisement

বিশ্লেষকদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী কয়েক মাসও এ ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। সে কারণে পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আগাম সতর্কতা অবলম্বন এবং বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। তাদের মতে, একদিকে সহিংসতা ও নাশকতা নিয়ন্ত্রণ, অন্যদিকে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন এড়িয়ে পরিস্থিতি সামাল দেয়াই হবে সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।