ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,লিবিয়া প্রতিনিধি, শুক্রবার,১৩ নভেম্বর ২০২৬,২৮ কার্তিক ১৪৩৩০২ জমাদিউস সানি ১৪৪৮:
ইউরোপে গিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন গাইবান্ধার মোঃ সাইফুল। সেই স্বপ্ন নিয়ে প্রায় দুই বছর আগে পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। কিন্তু সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হয়েছেন বলে অভিযোগ। ছেলের জীবন বাঁচাতে পাঁচ লাখ টাকা দিয়েও তার সঙ্গে কথা বলতে পারেননি পরিবারের সদস্যরা। পরে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একের পর এক দাবিতে দিশাহারা পরিবার শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।
সিআইডির তদন্তে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের (৭০) ছেলে সাইফুল (৩৯)। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান তিনি। সেখানে যাওয়ার পর মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন বলে অভিযোগ উঠেছে।
গত ৫ আগস্ট দুপুরে লিবিয়ার একটি মুঠোফোন নম্বর থেকে সাইফুলের স্ত্রীর কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, সাইফুল তাদের হেফাজতে রয়েছেন। তাকে জীবিত ফেরত পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা না পাওয়া পর্যন্ত সাইফুলের সঙ্গে পরিবারের কাউকে কথা বলতে দেওয়া হবে না।
ছেলের জীবন বাঁচাতে ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে কয়েক দফায় টাকা পাঠায় পরিবার। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া একাধিক মুঠোফোন নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠানো হয়। টাকা দেওয়ার পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবেন, এমন আশা ছিল পরিবারের। কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়নি অপহরণকারীরা।
এরপর সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সাইফুলের বিষয়ে সব তথ্য তার কাছে আছে জানিয়ে তিনি নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোনে জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন।
ছেলের জীবন নিয়ে উদ্বেগ আর একের পর এক মুক্তিপণের দাবিতে বিপাকে পড়েন ৭০ বছর বয়সী বাবা। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর মুঠোফোনে আর কোনো ফোন আসেনি।
এ ঘটনায় আব্দুস সামাদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে সিআইডির একটি দল অভিযান চালিয়ে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করে।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পাচারের পথ ও লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তাকে উদ্ধারের পাশাপাশি দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।
-
Advertisement

বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচার প্রতিরোধে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে সিআইডি। মামলাটির তদন্ত চলছে।



