
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুষ্টিয়ার দৌলতপুর প্রতিনিধি,শুক্রবার,১৩ নভেম্বর ২০২৬,২৮ কার্তিক ১৪৩৩০২ জমাদিউস সানি ১৪৪৮
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে উপস্থিত হয়ে মামলাটি করেন নুসরাত তাবাসসুম এমপি। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলার আসামিরা হলেন— নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের দৌলতপুর উপজেলা সভাপতি মমিনুর রহমান মহন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। এ সময় দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম, মা মোছা. জহুরা খাতুন এবং পরিবারের অন্য সদস্যরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
এ নাশকতার পেছনে রাজনৈতিক বিরোধের অভিযোগ এনে এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এ উদ্দেশ্যে ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানিয়েছেন, জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা শুক্রবার বিকেল ৩টায় নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। একইসঙ্গে সংসদ সদস্যের বাড়িতে প্রেস ব্রিফিং করবেন। এ কারণে নুসরাত তাবাসসুম শুক্রবারও গ্রামের বাড়িতে অবস্থান করছেন এবং পরিদর্শনে আসা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন।



