(ভিডিও)দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, মহাসড়কে মায়ের আত্মহত্যার চেষ্টা

SHARE

https://www.facebook.com/share/r/1Bqvfp8rjK/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রতিনিধি , শুক্রবার,২৫ সেপ্টেম্বর ২০২৬,১০ আশ্বিন ১৪৩৩১৩ রবিউস সানি ১৪৪৮ :

এক রাতের জন্য আশ্রয় খুঁজতে গিয়ে এক নারী ও তার দুই শিশু সন্তানের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। অভিযোগ উঠেছে, আশ্রয় দেওয়ার কথা বলে এক পান ব্যবসায়ী ওই নারীকে নির্জন স্থানে নিয়ে তার দুই সন্তানের সামনেই ধর্ষণ করেন। শিশু দুটির কান্না ও চিৎকারেও থামেনি নির্যাতন।

 

ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয় তার বড় সন্তান। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় পানের আড়তের পাশের একটি নির্জন স্থানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী নারীর।

২৭ বছর বয়সী ওই নারী মাওনা ইউনিয়নের বাসিন্দা। তার স্বামী প্রায় এক বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। তিনি পাশের জৈনা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। বাসাভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিক তাকে বাসা থেকে বের করে দেন। পরে রাতের দিকে দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তা এলাকার ওভারব্রিজের নিচের ফুটপাতে আশ্রয় নেন তিনি।

 

ওই নারীর ভাষ্য, রাত সাড়ে ১০টার দিকে পান ব্যবসায়ী সোহরাব হোসেন (৩৫) তাকে আশ্রয় দেওয়ার কথা বলে পানের আড়ত-সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই শিশুসন্তানের সামনেই তাকে ধর্ষণ করা হয়। সন্তানরা চিৎকার ও কান্নাকাটি করলেও নির্যাতন বন্ধ হয়নি। একপর্যায়ে তাকে সেখানে ফেলে সোহরাব চলে যান।

 

ভুক্তভোগীর অভিযোগ, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি পানের আড়তে গিয়ে কয়েকজনকে ডেকে ঘটনাটি জানান। তখন গৌতম ও শহীদ নামের দুই পান ব্যবসায়ী তাকে কিছু টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে ওই নারী ওই সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয় তার বড় সন্তান।

সুমি বেগম আরও অভিযোগ করেন, ঘটনার পর গত দুই দিন তাকে বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখানো হয়েছে। সন্তানদের ক্ষতি করার হুমকি দেওয়ায় ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে আহত ছেলেকে হাসপাতালে নেওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

 

অভিযুক্ত সোহরাব হোসেন (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তা এলাকায় পানের ব্যবসা করে আসছেন। অভিযোগ ওঠার পর তিনি সেখান থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

মাওনা চৌরাস্তা এলাকার পানের আড়তদার মহসিন আলী বলেন, সোহরাব কয়েক বছর ধরে এখানে ব্যবসা করছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি পালিয়ে গেছেন।  এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলে তিনি শুনেছেন।

  • Advertisement

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য ও আলামত সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগী নারীকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, মহাসড়কে মায়ের আত্মহত্যার চেষ্টা