(ভিডিও) আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ১০ পুলিশ সদস্য আহত

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,বরিশালের আগৈলঝাড়া প্রতিনিধি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬,২৬ আষাঢ় ১৪৩৩২৪ মুহাররম ১৪৪৮ :

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের হেফাজতে মাদক মামলার এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার পর একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বুধবার (৮ জুলাই) রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনসংলগ্ন জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে রিয়াজ ফকিরকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জাকাত ফকিরও একাধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

থানায় নেওয়ার পর রিয়াজ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, রিয়াজ ফকির একজন চিহ্নিত মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। এর আগে একবার গ্রেপ্তারের পর তিনি পুলিশের ওপর হামলা করে হাতকড়া নিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো বলেন, গ্রেপ্তার আসামি রিয়াজ ফকির (২৬) জীবিত রয়েছেন এবং তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এবং এলাকায় গুজব ছড়িয়ে দেয় যে তিনি মারা গেছেন। ওই গুজবের জের ধরে বিকেলে একদল লোক থানায় হামলা চালায়।

 

তিনি বলেন, হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

হামলায় আহত এক পুলিশ সদস্য।