(ভিডিও) ‘বিএনপিরে মামলা দিয়া দৌড়ামু, আ.লীগরে কোলে লইয়া নাচমু’, বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রতিনিধি,সোমবার,০৬ জুলাই ২০২৬,২২ আষাঢ় ১৪৩৩২০ মুহাররম ১৪৪৮ :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ​ভাইরাল ভিডিওতে জাহাঙ্গীরকে মোবাইলে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়।

কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “বিএনপিওয়ালারা আমার ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগোরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।” ভিডিওতে তাকে বেশ উত্তেজিত অবস্থায় দেখা গেছে এবং তার আশপাশে কয়েকজন অনুসারীকেও অবস্থান করতে দেখা যায়।

 

​বিষয়টি সামনে আসতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।

 

এ বিষয়ে জানতে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের মোবাইলে ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তবে, আমি এখনো ভিডিওটি দেখিনি। ভিডিওর সত্যতা যাচাই সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

​নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দলের কোনো পর্যায়ের নেতার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। আমি ভিডিওটি দেখিনি, তাই সত্যতা যাচাই না করে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, তবে বিষয়টি অত্যন্ত গুরুতর। সত্যতা নিশ্চিত হলে দলের হাইকমান্ডের নির্দেশে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

জাহাঙ্গীর আলম। ফাইল ফটো