ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চ্যানেল 24 সৌজন্যে ,সোমবার ০৬ এপ্রিল ২০২৬ || চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি :
দশকের পর দশক ধরে উর্দুভাষী অবাঙালি ও তাদের পরিবারের সদস্যরা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করছেন। এছাড়া মিরপুরের পল্লবী ক্যাম্পেও কয়েক হাজার পরিবারের বসতি রয়েছে। এদের অধিকাংশই সীমিত আয়ের মানুষ
বিভিন্ন সময়ে এই দুই ক্যাম্পে খুন-খারাবি ও মাদকের বিস্তারের খবর গণমাধ্যমে উঠে আসে। মাঝে মাঝে অভিযানও চালানো হয়। তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন চোখে পড়ে না।
সরেজমিনে জেনেভা ক্যাম্পে গিয়ে দেখা যায়, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মাদক, চলছে সেবনও। যেন শহরের ভেতরে আরেক শহর—যেখানে আইনশৃঙ্খলার উপস্থিতি প্রায় নেই বললেই চলে।
মাদক বিক্রেতা ও সেবীদের কয়েকজনের সঙ্গে কথা বললে তারা নির্বিকারভাবেই জবাব দেন। বাস্তবতা হলো, এই জগতের সঙ্গে তারা এমনভাবে জড়িয়ে পড়েছেন, যেখান থেকে বেরিয়ে আসা তাদের কাছে প্রায় অসম্ভব। তাদের পরিবারও যেন প্রিয়জনের স্বাভাবিক জীবনে ফেরার আশা ছেড়ে দিয়েছেন।
শুধু জেনেভা ক্যাম্প নয়, মিরপুরের পল্লবী ক্যাম্পেও মাদকের বিস্তার রয়েছে। ঘটছে নানা ধরনের অপরাধও। অভিযোগ রয়েছে, এসবের বিরুদ্ধে কথা বললে বাসিন্দাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এক বাসিন্দা জানান, এখানে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসবের সঙ্গে জড়িত। আমরা প্রতিবাদ করলে গুলি করে মারার হুমকিও দেওয়া হয়।
আরেক বাসিন্দা বলেন, পুলিশ চাইলে এখানে মাদক ব্যবসা বন্ধ করতে পারে। কিন্তু তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। অনেকেই এসে সমাধানের আশ্বাস দেন, কিন্তু পরে আর কোনো অগ্রগতি দেখা যায় না।
রাজধানীর এই দুই ক্যাম্পে মাদক বিক্রি ও সেবন নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমও অনেকটা দায়সারা বলে অভিযোগ রয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়—অপরাধ দমনে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং জনসচেতনতা।
সম্প্রতি বিভিন্ন ক্যাম্পে অভিযানে কয়েকজন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তবে মূল কারবারিদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. তালেবুর রহমান জানান, অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান চলবে।
ক্যাম্পের বাসিন্দাদের দাবি, তাদের জীবনমানের প্রকৃত পরিবর্তন আনতে হলে সরকারকে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে হবে।

জেনেভা-পল্লবী ক্যাম্পে প্রকাশ্যে মাদকের হাট। ছবি: চ্যানেল 24


