ভিডিও)পাহাড়ে হেলে পড়া আকাশ আর পাথরের বিছানার মেলবন্ধন সিলেটের বিছানাকান্দি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সিলেট জেলা প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,৪ অগ্রহায়ণ ১৪৩৩০৮ জমাদিউস সানি ১৪৪৮:

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে রয়েছে প্রকৃতির এক অনন্য ক্যানভাস বিছানাকান্দি। ভারতের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা সীমান্তবর্তী এই জনপদে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মনে হয়―এ যেন শিল্পীর রং-তুলিতে হাতে আঁকা কোনো প্রকৃতির দৃশ্য। কারণ, এখানে আকাশের গায়ে যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়। তার পাদদেশেই গড়ে ওঠেছে অগণিত পাথরের স্তূপ। নামটিই যেন এর প্রকৃতির সবচেয়ে সুন্দর পরিচয়; পাথরের বিছানা আর স্বচ্ছ পানির মায়াবী এক মেলবন্ধন।

সিলেটের হাদারপাড় পোস্ট অফিস ঘাট থেকে পিয়াইন নদী ধরে যেতে যেতে চোখে পড়বে মেঘালয়ের আকাশ ছোঁয়া মনোমুগ্ধকর পাহাড়। বিছানাকান্দির সৌন্দর্য মূলত এর ভৌগোলিক বৈচিত্রের মধ্যে লুকানো। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণাধারা ও নদীর স্রোত যখন পাথরে আছড়ে পড়ে, ওই সময় এক অপার্থিব কলকল শব্দ ছড়িয়ে পড়ে চারদিকে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

পাহাড় ও পানির মিতালি:
সাধারণত বর্ষায় পিয়াইন নদী পানিতে পরিপূর্ণ থাকে। তবে শীতের সময় শুকিয়ে তলায় ঠেকে পানি। এ সময় হেঁটেই পার হওয়া যায় পিয়াইন। তখন পিয়াইন নদীতে চলার সময় দুই পাশের দৃশ্য দেখে বিমোহিত না হওয়ার উপায় নেই। চারপাশটাই যেন দেখতে ছবির মতো। এ সময় দূরে দেখা যাবে আকাশে হেলান দেয়া উঁচু উঁচু পাহাড়ের সারি। আর চোখ ধাঁধানো এমন দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ পাহাড়ের কোলে যাওয়ার পর চোখে পড়বে বিস্তীর্ণ পাথর কেয়ারি।

বর্ষা ঋতুতে পাথর কেয়ারি পানিতে ডুবু ডুবু থাকে। এই জায়গা থেকে কিছুটা সামনে এগোতেই সীমান্ত ঘেঁষা পাথর-পানির মেলবন্ধন বিছানাকান্দি। যা আপনাকে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। পাথরের বিছানার উপরে বইয়ে চলছে পাশের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির ধারা। তবে পানির প্রবাহ বর্ষায় কয়েকগুণ বেড়ে যায়। তখন স্রোত বেশ শক্তিশালী হয়ে ওঠে। এ কারণে বর্ষায় বিছানাকান্দি গেলে সাঁতারে নামলে লাইফ জ্যাকেট সঙ্গে রাখা আবশ্যক।

ঋতুর সঙ্গে বিছানাকান্দির রূপের পরিবর্তন:
ঋতু পরিবর্তনের সঙ্গে বিছানাকান্দির রূপের পরিবর্তন হয়ে থাকে। স্বাভাবিকভাবেই কোনো কিছুর চেহারা সবসময় এক থাকে না। এ কারণে ঋতুর পালাবদলে বিছানাকান্দির সৌন্দর্যেও আসে নতুন মাত্রা।

বর্ষা (জুন-অক্টোবর): এ সময় নদীতে বেশ জলপ্রবাহ, সবুজ পাহাড় ও ঋর্ণার সজীবতা দেখা যায়। ভ্রমণকারীরা চাইলে সহজেই নৌকায় করে ঘুরে পাহাড় ও পানির সম্মিলত রূপ দেখতে পারেন। বলা যায়, এটি আদর্শ সময়। তবে পানির স্রোত ও পাথরের পিচ্ছিলতা নিয়ে সতর্ক থাকতে হবে।

শীত ও শুষ্ক মৌসুম (নভেম্বর-মার্চ): শীতকালে প্রকৃতিগত কারণেই পানি শুকিয়ে যায়। তবে এ সময় পানির স্বচ্ছতা বাড়ে, আর জেগে ওঠে বিস্তীর্ণ পাথর। পাথুরে তীরে হাঁটাহাঁটি করা, ক্যামেরায় ফ্রেমবন্দী হওয়া এবং হাদারপড়া বা এর আশপাশের পথে যাতায়াতের জন্য খুবই আরামদায়ক এক পরিবেশ।

গ্রীষ্ম ও বর্ষার আগ মুহূর্ত (মার্চ-মে): এ সময় রোদের তেজ বেশি থাকে, আবহাওয়াও খুব উত্তপ্ত থাকে। ফলে পানির পরিমাণ তুলনামূলক খুবই কম থাকে। এ সময় ভ্রমণ করতে চাইলে সকালের দিকে যেতে পারেন। সকালে রোদের তাপ কিছুটা কম থাকে। তবে সঙ্গে ছাতা, সানস্ক্রিন এবং স্যালাইন ও পর্যাপ্ত পানি রাখতে হবে।

  • Advertisement

যাওয়ার উপায়:
ভ্রমণকারীদের প্রথমে নিজ নিজ জেলা থেকে সিলেট শহরে যেতে হবে। তারপর সিলেট শহর থেকে প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরের বিছানাকান্দি পৌঁছানোর জন্য প্রথমে আম্বরখানা পয়েন্ট হয়ে হাদারপাড়ের দিকে যেতে হবে। তারপর সেখান থেকে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে নৌকা, মোটরসাইকেল বা পায়ে হেঁটে বিছানাকান্দির দিকে যেতে হবে।

পানির স্রোত ও পাথরের পিচ্ছিলতা নিয়ে সতর্ক থাকতে হবে ভ্রমণকারীদের । ছবি- সংগৃহীত