ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,বৃহস্পতিবার,২৯ অক্টোবর ২০২৬,১৩ কার্তিক ১৪৩৩১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮:
হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় অন্তত তিনটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত রুট দিয়ে পার হওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে ট্যাংকারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আরব নিউজের।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, ট্যাংকারগুলো তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ রেখেছিল এবং সতর্কবার্তা উপেক্ষা করেছিল। পরবর্তীতে প্রণালির দক্ষিণ উপকূলে নৌযানগুলোকে পরিত্যক্ত অবস্থায় দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা হতাহতের বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।
তারা জানায়, অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে এই রিপোর্টটি পাওয়া গেছে। ওমানের খাসাব থেকে ৯ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটিকে জ্বলতে দেখা যায়।
-
Advertisement

উল্লেখ্য, বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য হরমুজ প্রণালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জলপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালিয়ে আসছে ইরান। দেশটির অনুমোদন না নিয়ে যেসব জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছে, সেগুলোর ওপর নানা মাধ্যমে হামলা চালিয়েছে আইআরজিসি।




