ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার,০১ অক্টোবর ২০২৬,১৪ কার্তিক ১৪৩৩১৯ রবিউস সানি ১৪৪৮ :
ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করে দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছিলেন ওমানি সহপাইলট। পরে যাত্রী ও ক্রুদের সহায়তায় অভিযুক্ত সহপাইলটকে ধরে ফেলা হয় এবং যাত্রীর আসনে থাকা দুই পাইলট বিমানটি নিরাপদে সৌদি আরবে অবতরণ করান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ঘটনার সময় বিমানে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। মাঝ আকাশে সহপাইলটের হামলা ঠেকাতে গিয়ে ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ছুরিকাহত হন। পরে তার মুখ ও হাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইটটির সহপাইলট পাইলটকে ছুরিকাঘাত করার পর বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। পরে যাত্রীরা তাকে ধরে ফেলেন এবং অন্য পাইলটরা বিমানটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করান।
নেতানিয়াহু ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর নিরাপত্তা সংক্রান্ত ঘটনা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের সহপাইলটকে গ্রেপ্তারের পর সৌদি কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করবে।
ইসরায়েলি এক কর্মকর্তা ওই অভিযুক্তকে ওমানের নাগরিক হিসেবে শনাক্ত করেছেন বলে জানান নেতানিয়াহু। এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘বিমানটি অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়। সব যাত্রী এখন বিপদমুক্ত। যাত্রীদের প্রায় সবাই ইসরায়েলি ছিলেন।’
এক যাত্রীর বক্তব্য উদ্ধৃত করে নেতানিয়াহু বলেন, ‘বিমানটি হঠাৎ ঘুরপাক খেয়ে দ্রুত নিচে নামতে শুরু করলে যাত্রীদের সঙ্গে ক্রুর এক সদস্য ককপিটে ঢুকে পড়েন। সেখানে তারা সহপাইলটকে সেখানে নাশকতা করার চেষ্টা করতে দেখেন। তারা অনেক প্রাণ বাঁচিয়েছেন। তারা একটি বড় বিপর্যয় ঠেকিয়েছেন।’
এর আগে এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, বিমানটি জরুরি সংকেত পাঠিয়েছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, প্রথম জরুরি সংকেত পাঠানোর আগে ৩০ সেকেন্ডেরও কম সময়ে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়।
-
Advertisement

বিমানটি সৌদি আরবে অবতরণের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডোরন স্পিলম্যান রয়টার্সকে জানিয়েছিলেন, ঘটনাটিকে ছিনতাই হিসেবে মনে করা হচ্ছে না। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ব্রিফ করা ইসরায়েলি কর্মকর্তারা বলেন, তাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী এটি একটি সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা। তারা জানান, ঘটনাটি কোনো পাইলটের মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে না।




