ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুড়িগ্রামের রৌমারী প্রতিনিধি,শুক্রবার ০৩ জুলাই ২০২৬ || আষাঢ় ১৯ ১৪৩৩ || ১৭ মহররম ১৪৪৮ হিজরি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি খাবারের দোকান থেকে নেওয়া মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনা ঘটেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকালে রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার একটি খাবারের দোকান ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। এ ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।
-
Advertisement

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য কঠোর সতর্ক করা হয়েছে।

ছবি: সংগৃহীত



