(ভিডিও)ইরান নিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের প্রকাশ্য মতবিরোধ, কী ঘটছে ইসরায়েলে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩১৩ জমাদিউস সানি ১৪৪৮:

ইরান ইস্যুতে প্রকাশ্য বিরোধে জড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী রাজনীতিক গাদি আইজেনকোট। একদিকে, ইরান থেকে তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি নেই বলে মনে করেন আইজেনকোট। অন্যদিকে, ইরানের হুমকিকে খাটো করে দেখানোর জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ী করেছেন নেতানিয়াহু।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

একইসঙ্গে দুই নেতার এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়েও রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে। জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রশ্নেও বিরোধী শিবিরের নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ইরান থেকে ইসরায়েলের জন্য তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী রাজনীতিক গাদি আইজেনকোট। তার এ বক্তব্যের পর রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের নিরাপত্তাঝুঁকিকে খাটো করে দেখানোর অভিযোগ তুলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

 

সোমবার (২৩ নভেম্বর) নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন নেতানিয়াহু। একই সঙ্গে আবারও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান তিনি। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তাঝুঁকি মোকাবিলার সক্ষমতা জাতীয় ঐক্যের ওপর নির্ভর করছে।

 

পার্লামেন্ট নেসেটে লিকুদ পার্টির সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমাদের চারপাশে থাকা বড় বড় হুমকির বিরুদ্ধে রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার সক্ষমতা নির্ভর করছে আমাদের ঐক্যের ওপর। যারা এসব হুমকি নিয়ে উপহাস করে, সেগুলোকে খাটো করে দেখে—বিশেষ করে আমাদের চারপাশের তাৎক্ষণিক, কঠিন ও গুরুতর হুমকিগুলোকে যারা খাটো করে দেখে, তারা রাজনৈতিক স্বার্থেই এমনটা করছে।’

নেতানিয়াহু এই বক্তব্য এমন এক সময়ে দিলেন যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। তবে নিরাপত্তা কর্মকর্তারা এর বিরোধিতা করছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া নতুন সরকার গঠন পিছিয়ে দিতে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে সংঘাতের পরিস্থিতি তৈরি করতে চাইছেন বলেও অভিযোগ উঠেছে।

নেতানিয়াহুর এই বক্তব্যের বিপরীতে আইজেনকোট তার দল ইয়াশারের এক বৈঠকে বলেন, নতুন সরকার শপথ নেয়ার আগেই সামরিক পদক্ষেপ নেয়ার মতো ইরানের কাছ থেকে কোনো তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না।

তিনি বলেন, নতুন করে সামরিক অভিযান চালানোর পরিবর্তে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের দিকে ইসরায়েলের মনোযোগ দেয়া উচিত। আইজেনকোট বলেন, ‘ইরান থেকে সবচেয়ে বড় হুমকি হলো ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস করা হয়নি বা সরিয়ে নেয়া হয়নি। আমাদের এ বিষয়টির ওপরই মনোযোগ দিতে হবে।’

জাতীয় ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর আহ্বান নিয়েও কথা বলেন আইজেনকোট। তিনি জানান, ইয়াশার ‘রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সরকার নয়, প্রকৃত ঐক্য’ প্রতিষ্ঠায় কাজ করবে।

নিজেদের অবস্থানের সীমারেখাও আবার স্পষ্ট করেছেন তিনি। আইজেনকোট বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং সবার জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগের দাবিতে তার দল কোনো ছাড় দেবে না।

অন্যদিকে লিকুদ পার্টির বৈঠকে নেতানিয়াহু বলেন, অতি-গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগের প্রশ্নে তিনি ‘সব পক্ষের’ কাছ থেকে নমনীয়তা চাইবেন। কারণ, অতি-গোঁড়া ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসকে জাতীয় ঐক্যের সরকারের অংশ হতে হবে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই বৈঠকে আরব সংখ্যাগরিষ্ঠের দল জয়েন্ট লিস্ট কিংবা রা’আমের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকার গঠনের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেন। তিনি ও তার মিত্ররা বারবার এসব দলের আইনপ্রণেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগ তুলেছেন।

নেতানিয়াহু বলেন, ‘একটি জায়নবাদী সরকার আহমেদ তিবি, অফার কাসিফ বা তাদের সহযোগীদের নিয়ন্ত্রণে থাকতে পারে না।’ তিনি আরও বলেন, ‘যে সরকার ইহুদি রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষায় লড়তে চায়, তারা এমন লোকদের ওপর নির্ভর করতে পারে না, যারা ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। এটি ধর্ম, বর্ণ বা লিঙ্গের বিষয় নয়। এটি আদর্শের বিষয়।’

মূলত, নির্বাচনে আরব দলগুলোর ভালো ফলের পর থেকেই সেগুলোকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জায়নবাদী বিরোধী জোটের সামনে অন্য সব পথ বন্ধ হয়ে গেলে সংখ্যালঘু সরকার গঠনে এসব দলের সমর্থনের প্রয়োজন হতে পারে।

তবে রা’আম ও জয়েন্ট লিস্টের বাইরের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের বিষয়ে আইজেনকোটের জোটের সব সদস্য একমত নন। এ নিয়ে জোটের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা নিয়ে বেনেট-গোলানের বিরোধ

এদিকে সোমবার ‘বেয়াহাদ’ পার্টির চেয়ারম্যান নাফতালি বেনেট বলেন, অতি-গোঁড়া ইহুদি কিংবা আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকারের চেয়ে লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনই তার বেশি পছন্দ। তার এ বক্তব্যের প্রকাশ্য সমালোচনা করেন বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান।

নেসেটে একদল সেনাসদস্যের সঙ্গে আলোচনায় নিজের অবস্থান আরও স্পষ্ট করেন বেনেট। তিনি বলেন, সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে আরব দলগুলোর সঙ্গে জোট, অতি-গোঁড়া ইহুদিদের দলগুলোর সঙ্গে জোট কিংবা লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার—সবকিছুর মধ্যে তিনি শেষেরটিই চান। তবে সে সরকারে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব ভাগাভাগি থাকবে এবং প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন।

বেনেট বলেন, ‘আমার মনে হয়, আমাদের এমন একটি সরকার দরকার, যেখানে সব গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) দায়িত্ব পালনের পক্ষে থাকবেন এবং যাদের নিজেদের সন্তানরাও সেনাবাহিনীতে কাজ করেন। যারা একই ট্যাংকে একসঙ্গে দায়িত্ব পালন করতে পারে, তারা একসঙ্গে দেশও পরিচালনা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা সফল হব কি না, জানি না। তবে আমি আমার জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমি সেটাই করার চেষ্টা করছি।’

গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন বেনেট। আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের মিত্রদের আগে থেকে না জানিয়েই তিনি ওই বৈঠক করেছিলেন বলে খবর প্রকাশিত হয়। পরে অবশ্য নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেয়ার সম্ভাবনা নাকচ করে দেন বেনেট। একই সঙ্গে আইজেনকোটের নেতৃত্বে এবং লিকুদকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গত রোববার ইয়াশার ও লিকুদের প্রতিনিধিদের মধ্যে চার ঘণ্টার বৈঠকের পরও জাতীয় ঐক্যের সরকারের পক্ষে নিজের অবস্থান ধরে রাখেন বেনেট। সোমবার সন্ধ্যায় দুই পক্ষের আবারও বৈঠকে বসার কথা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

অন্যদিকে এসব আলোচনাকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন গোলান। লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান থেকে বেনেটকে সরে আসারও আহ্বান জানান তিনি।

ডেমোক্র্যাটস পার্টির বৈঠকের শুরুতে গোলান বলেন, ‘জনগণ আমাদের একটি স্পষ্ট দায়িত্ব দিয়েছে। তা হলো যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো এবং ইসরায়েলকে নিরাপত্তা, দায়িত্বশীলতা ও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা।’

নিজের জোটের শরিকদের ‘আকাঙ্ক্ষা, বিবেচনা ও উদ্বেগের’ বিষয়টি স্বীকার করলেও তিনি বলেন, রাজনৈতিক হিসাব-নিকাশের চেয়ে ইসরায়েলের নিরাপত্তা এবং সেনাসদস্য ও বেসামরিক নাগরিকদের জীবন বেশি গুরুত্বপূর্ণ।

গোলান বলেন, ‘আমরা আর দেরি করতে পারি না, অনির্দিষ্টকাল ধরে আলোচনা চালিয়েও যেতে পারি না।’

গোলান আরও অভিযোগ করেন, নেতানিয়াহু ইসরায়েলকে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়াতে চাইছেন। একই সঙ্গে পশ্চিম তীরের পরিস্থিতিও উত্তপ্ত করে তুলছেন তিনি। পশ্চিম তীরে উগ্রপন্থি ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণহীন সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

বেনেটকে উদ্দেশ করে গোলান বলেন, ‘যারা দেশের জন্য দায়িত্ব পালন করছেন, তাদের নিয়ে সত্যিই চিন্তা করেন, তাদের উচিত নেতানিয়াহুকে ক্ষমতার চালকের আসন থেকে সরাতে সবকিছু করা। তার সঙ্গে বা তার পাশে বসে সরকার গঠন করা যাবে না, এমনকি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব ভাগাভাগির চুক্তির মাধ্যমেও নয়।’

নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখাকে ভোটারদের আস্থার সঙ্গে ‘প্রকাশ্য ও ক্ষমার অযোগ্য বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেন গোলান। তিনি বলেন, ‘মানসুর আব্বাসের সঙ্গে আমাদের চমৎকার অংশীদারত্ব রয়েছে। এই বিকল্প প্রত্যাখ্যান করা হবে নেতানিয়াহুকে উপহার দেয়ার শামিল।’

চলতি সপ্তাহের শেষ নাগাদ সরকার গঠনের বিষয়ে একটি স্পষ্ট পরিকল্পনা দেয়ার আহ্বানও জানান গোলান। তার মতে, ওই পরিকল্পনায় কাদের সঙ্গে জোট হবে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা কীভাবে নিশ্চিত করা হবে এবং সিদ্ধান্তে পৌঁছানোর সময়সীমা কী—এসব বিষয় থাকতে হবে।

গোলানের বক্তব্যের পর বেনেট জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবিতে আরও জোর দেন। তবে নেতানিয়াহু যদি আইজেনকোটের নেতৃত্বে আগে ঐক্যের সরকার গঠনের চেষ্টা না করে শুধু সময় নষ্ট করতে চান, তাহলে তাকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেন বেনেট।

আইজেনকোটের বিকল্প পরিকল্পনা

এদিকে জাতীয় ঐক্যের সরকার গঠনে বেনেটের আগ্রহ থাকলেও ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, রোববার আইজেনকোটের ইয়াশার পার্টির সঙ্গে আলোচনায় বেয়াহাদকে বাদ দেয়ার দাবি জানিয়েছিল লিকুদ।

আরও পড়ুন

ক্ষমতা আঁকড়ে রাখতে ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু

ক্ষমতা আঁকড়ে রাখতে ভয়ংকর খেলায় মেতেছেন নেতানিয়াহু

এর আগে গত সপ্তাহের আলোচনায় বেয়াহাদের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। কানের প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের বৈঠক শেষে ইয়াশার পার্টি বেয়াহাদকে আলোচনার বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের ধারণা, তাদের সদস্যদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে লিকুদ। এমনিতেই একটি অভিন্ন অবস্থানের পক্ষে জোটের সব সদস্যকে ঐক্যবদ্ধ করতে হিমশিম খেতে হচ্ছে আইজেনকোটকে।

জোট সরকার গঠনের সম্ভাব্য প্রতিটি পথ নিয়েই সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। অতি-গোঁড়া ইহুদিদের দলগুলোর সঙ্গে জোট, আরব দলগুলোর সঙ্গে সমঝোতা কিংবা লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার—প্রতিটি বিকল্পই জোটের কোনো না কোনো সদস্য প্রকাশ্যে নাকচ করেছেন।

জোটের সব পক্ষকে ঐক্যবদ্ধ করতে না পারলে আইজেনকোট অন্য পথে এগোতে পারেন। সে ক্ষেত্রে সব শরিকের অনুমোদন ছাড়াই সরকার গঠনের ঘোষণা দিতে পারেন তিনি। তার আশা, জোটের কোনো কোনো সদস্য সরকারকে সমর্থন না করলেও এর বিরুদ্ধে ভোট দেবেন না।

কানের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়নে আইজেনকোট কোনো এক সময়ে সরকার গঠনের ঘোষণা দেবেন। এরপর আকস্মিক ওই ঘোষণার এক বা দুই দিনের মধ্যে পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে আস্থা ভোটের আয়োজন করবেন। এতে তার মিত্রদের ওপর চাপ বাড়বে এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ কিংবা জোট ছেড়ে যাওয়ার জন্য হাতে সময় কম থাকবে।

  • Advertisement

এভাবে আইজেনকোট প্রধানমন্ত্রী হিসেবে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারবেন। তবে সেই সরকার ভেঙে পড়লে এবং দেশে আবার নির্বাচন হলে নেতানিয়াহুর মতোই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।