ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, রোববার,১৮ অক্টোবর ২০২৬,২ কার্তিক ১৪৩৩০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ :
অধিকৃত পশ্চিম তীরে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিনসহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এ সহিংসতা বন্ধে ইসরায়েলকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, হামলার ঘটনার বিষয়ে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত হননি। তবে যেসব ছবি তিনি দেখেছেন, সেগুলো ‘ভালো কিছু মনে হয়নি’।
তিনি ইসরায়েলকে সহিংসতার বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নিতে’ আহ্বান জানান। রুবিও বলেন, অধিকৃত পশ্চিম তীরে কোনো সংঘাত বা সংকট দেখতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ইসরায়েলের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। রুবিও বলেন, ‘এই মুহূর্তে আমাদের এমন কিছু প্রয়োজন নেই; ইসরায়েলেরও এমন পরিস্থিতির প্রয়োজন নেই।’
ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক লেভিন শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত দুই ব্যক্তির একজন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শরীরে সুরক্ষাবর্ম ও মাথায় হেলমেট না থাকলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন না, কারণ হামলাকারীরা তাকে বারবার লাথি মারছিল।
হামলাকারীদের বিচার ও কারাদণ্ড দাবি মার্কিন রাষ্ট্রদূতের
রুবিওর পাশাপাশি এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হাকাবি লেখেন, ‘একজন নারী আলোকচিত্রী ওপর আক্রমণ হলো মুখোশধারী কাপুরুষদের দ্বারা সংঘটিত এক জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড। নিরস্ত্র সাংবাদিকের ওপর হামলাকারীদের বছরের পর বছর কারাগারে থাকা উচিত। আমরা পূর্ণাঙ্গ তদন্ত, গ্রেপ্তার এবং এ ঘটনায় অংশ নেয়া প্রত্যেকের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগে বিচারের দাবি জানিয়েছি।’
শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের কার্যক্রমের সংবাদ সংগ্রহ করছিলেন লেভিন। এ সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে ও কয়েকজন ফিলিস্তিনিকে নির্মমভাবে মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ওই এলাকায় ঢুকে লেভিনকে মারধর করে এবং তার পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগ ও সরঞ্জাম চুরি করে।
লেভিন বলেন, বোতল ও গুলতি নিয়ে আসা হামলাকারীরা প্রায় ১০ মিনিট ধরে তাকে লাথি মারছিলেন। এ সময় তিনি নিজের ক্যামেরা ও ব্যাগ আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছিলেন। ৬৪ বছর বয়সী লেভিনকে হামলার পর রামাল্লার উত্তর-পূর্বে আবু ফালাহ এলাকা থেকে হাসপাতালে নেয়া হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তাঁর মেয়ে জানান, লেভিনের একটি আঙুল প্রায় হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওই আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে। এ ছাড়া তার একটি পাঁজরের হাড় ভেঙেছে, মেরুদণ্ডের একাধিক কশেরুকা ভেঙেছে এবং শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।
হামলাকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার দাবি করেন, লেভিন ও অন্য ফিলিস্তিনিদের ওপর হামলার জন্য ফিলিস্তিনি অথবা ‘চরম বামপন্থি’ কর্মীরা দায়ী হয়ে থাকতে পারেন। আগামী ২৭ অক্টোবরের হাড্ডাহাড্ডি নির্বাচনের আগে বসতি স্থাপনপন্থি ডানপন্থি সমর্থকদের ভিত্তি আরও শক্ত করতে চাইছেন নেতানিয়াহু।
-
Advertisement

হাকাবি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও মার্কিন নাগরিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে হামলাকারীদের পরিচয় নিয়ে নেতানিয়াহু সন্দেহ প্রকাশ করার পর হাকাবি তার বক্তব্যে সরাসরি তাদের বসতি স্থাপনকারী হিসেবে উল্লেখ করেননি।

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন। ছবি: সংগৃহীত



