(ভিডিও) রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্যদের ভোটের নির্দেশনা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,বুধবার   ১৯ আগস্ট ২০২৬ ||  ভাদ্র ৪ ১৪৩৩ || ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

 

মঙ্গলবার(১৮ আগস্ট) রাতে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সব নির্দেশনা দেওয়া হয়।

 

 

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোট দিতে সংসদ সদস্যদের সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। সংসদ কক্ষে প্রবেশ করে নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার সংগ্রহ করতে হবে।

ব্যালট পেপার পাওয়ার পর এর কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে। এরপর ব্যালটের আউটার ফয়েল বা ব্যালট অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

 

ভোট দেওয়া শেষ হলে ব্যালটটি সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে।

 

কোনো কারণে সরবরাহ করা ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে ফেলার আগে নির্বাচনী কর্মকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনী কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। এ উদ্দেশ্যে কোনো বক্তব্য বা ভাষণও দেওয়া যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১১(২) বিধির কথা উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যার সৃষ্টি হলে সংসদ সদস্যদের চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের শরণাপন্ন হতে বলা হয়েছে।

 

নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা উল্লেখ রয়েছে, সেখানে ভোটারকে নিজের পূর্ণ নাম লিখতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে বর্তমানে চট্টগ্রাম-৪ আসন শূন্য রয়েছে। ফলে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।

 

ইসি জানিয়েছে, ভোটগ্রহণ শেষে দ্রুত প্রাথমিক ফলাফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা কাগজে কালো প্রিন্টে ব্যালট পেপার প্রস্তুত করা হচ্ছে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর গত ৬ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

  • Advertisement

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদ