
অভিযুক্ত রেহেনা বেগম উর্মি। ছবি সংগৃহীত
ওয়ার্ল্ড নিউজ ২৪.কম,পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রতিনিধি, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ || আষাঢ় ১৮ ১৪৩৩ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগ তুলে ফেসবুক লাইভ করা সেই নারী রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তবে জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে ওই নারীর আনা অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) সকাল ১১টার দিকে তেঁতুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় রেহেনা বেগম উর্মিকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী মনোয়ার হোসেন, যিনি তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত। তবে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম জানান, এ বিষয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। বর্তমানে তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু বলেন, গত সোমবার অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। একই দিন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়। মঙ্গলবার উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি।
এর আগে, গত সোমবার অভিযোগকারী রেহেনা বেগম উর্মি দাবি করেন, গ্রাম পুলিশে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেয়া হয়েছিল। সম্প্রতি ইউএনওর বদলির খবর জানতে পেরে তিনি টাকা ফেরত চাইলে তা অস্বীকার করা হয়। এরপরই তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন, তিনি ওই নারীকে চেনেন না এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যে নিয়োগের কথা বলা হচ্ছে, সেটি আগেই বাতিল করা হয়েছিল এবং অভিযোগকারীর ছেলের নামে কোনও আবেদনও জমা পড়েনি।
-
Advertisement

প্রসঙ্গত, গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।



