ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বাগেরহাট প্রতিনিধি,বুধবার ০৩ জুন ২০২৬ || জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩ || ১৭ জিলহজ ১৪৪৭ হিজরি :
বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা একমাত্র নারী কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দীঘির পূর্বপারের একটি ছোট পুকুর থেকে কুমিরটিকে ধরেন। পরে চোখ ও পা বেঁধে প্রাণীটিকে বন বিভাগের গাড়িতে ওঠানো হয়। কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাগেরহাট উপজেলা প্রশাসন।
-
Advertisement
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
কুমিরটিকে সরিয়ে নিতে আজ সকাল থেকেই বন বিভাগসহ প্রশাসনের লোকজন মাজার এলাকায় অবস্থান নেন। বেলা ১১টার দিকে দীঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে তাকে ধরার কার্যক্রম শুরু হয়।
দড়ি দিয়ে বেঁধে কুমিরটিকে তীরে তুলছেন বনরক্ষী ও স্থানীয়রা
বেলা ১২টার দিকে খাবারের প্রলোভন দিয়ে কুমিরটিকে বেঁধে ফেলা হয়। এরপর এটিকে দিঘী থেকে তুলে গাড়িতে করে খুলনায় নিয়ে রওনা হন বন বিভাগের কর্মীরা।
গত সোমবার এই কুমিরের আক্রমণে দীঘিতে গোসল করতে নামা এক শিশুর মৃত্যু হয়। তার আগেও এই কুমির আক্রমণের একাধিক ঘটনা রয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভায় জননিরাপত্তার স্বার্থে কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
দিঘীর পাড়ের বাসিন্দা কুলসুম বেহম বলেন, “খানজাহান আলী (রহ.) এর আমলে এখানে যে কুমির ছিল সেগুলো খুবই শান্ত ছিল। এই যে কুমির ওকে আমরা অনেক ভয় পাই। দীঘিতে নামতে পারি না এই কুমিরের ভয়ে। অনেক হিংস্র এই কুমিরটি। আগে যে ধলা পাহাড় ও কাল পাহাড় ছিল তারা অনেক সভ্য ছিল।”
খানজাহান আলী (রহ.) মাজার ঘুরতে আসা আরিফ শেখ বলেন, “বাগেরহাট হাজার বছরের প্রাচীন জনপদ। খানজাহান আলী (রহ.) মাজারের মূল আকর্ষণ ছিল দীঘি। কারণ এখানে কুমির ছিল। দীঘির কুমিরটি আজকে ধরে নিয়ে যাওয়া হলো। আর কোনো কুমির এই দীঘিতে আসবে বলে মনে হয় না।”
অচেতন করার পর বাঁশের সঙ্গে বেঁধে কুমিরটি কাধে করে নিয়ে যাচ্ছেন বনরক্ষী ও স্থানীয়রা
কুমির বিশেষজ্ঞ আজাদ কবির বলেন, “আমরা ভালোভাবে কুমিরটিকে উদ্ধার করতে পেরেছি। প্রায় ৬০০ কেজি ওজন ছিল এই নারী কুমিরটির। এটিকে এখন খুলনা রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হবে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এই কুমিরটি কোথায় অবমুক্ত করা হবে।”
-
Advertisement

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, “জননিরাপত্তার স্বার্থে মাজারের দীঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে প্রাণীটিকে। কুমিরের বিষয়ের পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা আলোচনা সাপেক্ষে জানানো হবে।”

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা একমাত্র নারী কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে।


