(ভিডিও)ব্যবস্থাপক খুন: হোটেলে ঢুকে ছুরি নিয়ে হামলা চালান বাবা–ছেলে

SHARE

  • ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল  প্রতিনিধি,শনিবার,২৮ নভেম্বর ২০২৬,১২ অগ্রহায়ণ ১৪৩৩১৭ জমাদিউস সানি ১৪৪৮:

  • পুরান ঢাকার টিকাটুলীতে একটি হোটেলের ব্যবস্থাপক নাঈমুর রহমানকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক ও কর্মীসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    • Advertisement

      • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

    টিকাটুলীর জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। সামনে মুরগির পাইকারি বাজার বসে। আজ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল রাত একটার দিকে বাজারের একটি দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ওরফে এ্যানির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলের কর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষে রাখেন এবং থানায় খবর দেন।

    পরে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এসে বাবাকে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় হোটেলের কর্মীদের সঙ্গে তাঁদের আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ও ছেলে ধারালো অস্ত্র দিয়ে হোটেলের কর্মীদের আঘাত করেন। আহত ব্যক্তিদের ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

    হোটেলে মুরগি ঢোকাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও এর পেছনে পুরোনো বিরোধ ছিল বলে দাবি করেছেন নাঈমুরের স্বজনেরা। হোটেলের সামনে মুরগির বাজার বসানো নিয়ে বিরোধের পাশাপাশি চাঁদা দাবির অভিযোগও করেছেন তাঁরা।

    নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান পাড়ায়। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এনায়েত মুরগির দোকানের মালিক। তিনি টিকাটুলী এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে তাদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর ক্ষুব্ধ ছিলেন তাঁরা।

    সাব্বির জানান, হোটেলের সামনে এনায়েতকে দোকান বসাতে বাধা দেওয়ায় হোটেলের কর্মীদের ওপর ক্ষিপ্ত ছিলেন।

    হোটেলটির পাশের এক চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিদিন রাত ১০টার দিকে হোটেলের সামনে মুরগির পাইকারি বাজার বসে। পরদিন সকাল সাতটার আগেই কেনাবেচা শেষ হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সেখানে বাজার বসছে। এর আগে সেখানে বাজার বসত না। বাজার বসা হোটেল কর্তৃপক্ষ পছন্দ করত না।

    নিহত নাঈমুর রহমান
    নিহত নাঈমুর রহমানছবি: সংগৃহীত

    ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন হোটেলের মহাব্যবস্থাপক কামরুল হাসানের (রাজ্জাক) নাতি মো. জুবায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী হোটেলে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তবে পূর্বশত্রুতার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি। পুলিশের তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    বিকেলে হোটেলটিতে গিয়ে দেখা যায়, হোটেলটির নিচতলার মূল ফটকে তালা ঝুলছে। অতিথিরা বের হওয়া বা প্রবেশের জন্য অপেক্ষা করলে হোটেল বয় জাকির হোসেন তালা খুলে দিচ্ছেন। দ্বিতীয় তলায় অভ্যর্থনাকক্ষের সামনে মেঝেতে জমাট বাঁধা রক্তের দাগ এবং দুটি রক্তমাখা জুতা পড়ে আছে। জাকির হোসেন জানান, জুতা দুটি নিহত ব্যবস্থাপক নাঈমুরের। হামলার সময় ছোটাছুটি করতে গিয়ে তাঁর পা থেকে জুতা খুলে যায়।

    জাকির আরও বলেন, মাসখানেক আগে তিনি হোটেলটিতে হোটেল বয়ের চাকরি নিয়েছেন। ঘটনার সময় আটতলার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। হট্টগোল শুনে নিচে নামতে চাইলেও হোটেল কর্তৃপক্ষ তাঁকে নামতে নিষেধ করে। পরে দ্বিতীয় তলায় এসে রক্ত ছড়িয়ে থাকতে দেখেন। ঘটনার পর ভয়ে ১০ জন অতিথি হোটেল ছেড়ে গেছেন। অন্যরাও আতঙ্কে রয়েছেন বলে জানান জাকির।

    বোলা তিনটার দিকে হোটেল থেকে বেরিয়ে যাওয়া দুই অতিথির একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের দিন তিনি হোটেলটিতে উঠেছিলেন। কিন্তু ঘটনার পর সেখানে থাকার পরিবেশ নেই মনে হওয়ায় চলে যাচ্ছেন।

    হোটেলের দ্বিতীয় তলায় একটি অস্থায়ী মসজিদ রয়েছে। সেখানকার ইমাম আবুল হোসেন বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি হোটেলটিতে নামাজ পড়ান। নিহত নাঈমুরও প্রায় পাঁচ বছর ধরে হোটেলে কাজ করতেন। তাঁকে কখনো কারও সঙ্গে উচ্চ স্বরে কথা বলতে শোনেননি। অত্যন্ত ভদ্র ছিলেন তিনি।

    পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, হোটেলে মুরগি ঢোকা নিয়ে হোটেলের কর্মীদের সঙ্গে এনায়েতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও ইরান মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক রাজ্জাক ও তাঁর সহকর্মী হাসান আহত হন। পরে হাসপাতালে নাঈমুরকে মৃত ঘোষণা করা হয়।

    • Advertisement

    ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলে পালিয়ে যান বলে জানান পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান। তিনি বলেন, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা এনায়েত ও ইরানকে শনাক্ত করেছেন। তাঁদের ধরতে অভিযান চলছে। ওয়ারী থানার পাশাপাশি ডিবি পুলিশ ঘটনার ছায়া তদন্ত করছে।

    হোটেলের ব্যবস্থাপক নাঈমুর রহমানকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।