ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার,২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩১৪ জমাদিউস সানি ১৪৪৮:
বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে।
গত মার্চ মাস থেকে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। এ তালিকায় ইউরোপীয় ইউনিয়নও রয়েছে।
তদন্তে যে বিষয়টি খতিয়ে দেখা হয়, তা হলো সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং সে কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না।
বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প খাত নিয়ে তদন্ত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানি হয়।
বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক বসালে তা যুক্ত হবে।
এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে। সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর ট্রাম্প প্রশাসন নানা অজুহাতে বাড়তি শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে। এ ধরনের শুল্ক মুক্তবাজার অর্থনীতি নীতির বিরুদ্ধে। কারণ, একটি কারখানার মালিক তাঁর রপ্তানি চাহিদা অনুসারে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করেন। আবার যখন চাহিদা কমে যায়, তখন ওই সক্ষমতা থেকে যায়।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি এবং বাণিজ্যিক নিয়মনীতির বিচারে এ ধরনের বাড়তি শুল্ক আরোপ অযৌক্তিক। যদি আরোপও করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আমদানিকেরা তা বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দিতে চাইবেন।
রয়টার্সের প্রতিবেদনে যা আছে
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প হিসেবে এই নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে।
রয়টার্স বলছে, নতুন শুল্কের হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কহার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের আশঙ্কা কম।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারদের অধিকাংশের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি করে এই তদন্ত শুরু করা হয়।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের চূড়ান্ত হওয়া বাণিজ্যচুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে, হোয়াইট হাউস তা মেনে চলবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ হার হবে ১৫ শতাংশ। আর মালয়েশিয়ার পণ্যের ক্ষেত্রে তা হবে ১৯ শতাংশ। চীনের পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ ২০ শতাংশ হারও বহাল রাখবে যুক্তরাষ্ট্র।
নতুন শুল্ক আরোপের বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ও হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও কিং অ্যান্ড স্প্যালডিং আইন প্রতিষ্ঠানের অংশীদার রায়ান মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন।
এই শুল্কের সঙ্গে ইতিমধ্যে আরোপ করা ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হবে। জোরপূর্বক শ্রম ব্যবহারবিরোধী আইন যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে পৃথক এক তদন্তের ভিত্তিতে এসব শুল্ক আরোপ করা হয়েছে।
তবে মাজেরাসের মতে, প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে।
গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়। একই সঙ্গে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারবিরোধী আইন কার্যকরে দুর্বলতা বা শিথিলতা নিয়ে পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি।
এই দুই তদন্তের ভিত্তিতে আরোপিত শুল্কের মাধ্যমে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ নামে পরিচিত বৈশ্বিক আমদানি শুল্কব্যবস্থা পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট ওই শুল্কব্যবস্থা বাতিল করে দেন।
-
Advertisement

ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি, সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য দিয়ে বৈশ্বিক বাজার সয়লাব করছে। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।



