(ভিডিও)সৌদিতে ড্রোন হামলা, হরমুজে জাহাজে আক্রমণ চালাল ইরান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার,২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩১৪ জমাদিউস সানি ১৪৪৮:

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সৌদি আরবে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অন্যদিকে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একটি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। দেশটির দাবি, নির্ধারিত নৌপথ অমান্য করে চলার সময় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং সামুদ্রিক মাইনের আঘাতেও সেটি ক্ষতিগ্রস্ত হয়।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বার্তাসংস্থা আনাদোলু বলছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে ‘নিয়ম লঙ্ঘনকারী’ একটি জাহাজে হামলা করা হয়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে।

ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে এবং হরমুজ প্রণালির দক্ষিণে একটি অবৈধ নৌপথ দিয়ে যাচ্ছিল। এ সময় সামুদ্রিক মাইনের সঙ্গে সংঘর্ষে জাহাজটি থেমে যায়।

 

জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের উদ্দেশে আইআরজিসির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলা, অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তার প্রতি গুরুত্ব দেয়া জরুরি।

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এবং ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের নৌ-অবরোধের মধ্যে তেহরানের দাবি অনুযায়ী অননুমোদিত নৌপথ ব্যবহার করতে গিয়ে একাধিক তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (২৫ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোন দুটি প্রতিহত করার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়। সৌদির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।

হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন তুর্কি আল-মালিকি। একই সঙ্গে এর কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন তিনি।

সম্প্রতি হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘাত বেড়েছে। সাম্প্রতিক হামলাগুলোতে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে দেশটির সরকারকে সমর্থন দিয়ে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতি গোষ্ঠী।

এদিকে এ পরিস্থিতিতে ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কবার্তা দেয়া হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে যৌথ বাহিনীর কমান্ডের পক্ষ থেকে দেয়া সতর্কবার্তাটি প্রকাশ করেন। এর সঙ্গে একটি মানচিত্রও যুক্ত করেন তিনি। মানচিত্রে লাল রং দিয়ে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার এলাকা চিহ্নিত করা হয়েছে।

আনাদোলু বলছে, রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে মঙ্গলবারের ড্রোন হামলার পর এ সতর্কবার্তা দেয়া হয়। ওই হামলার জন্য হুতি গোষ্ঠীকে দায়ী করে তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, গোষ্ঠীটি ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এ ধরনের হামলার কঠোর জবাব দেয়ার অঙ্গীকারও করেন তিনি।

  • Advertisement

মূলত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের ওই এলাকায় কোনো বহুতল ভবনে এটি দ্বিতীয় হামলা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবারও হুতিদের হামলায় ওই এলাকার একটি বহুতল ভবনের কয়েকটি তলা এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।