(ভিডিও) আরবদের ভোটে উৎসাহিত করে নেতানিয়াহুর মারাত্মক ক্ষতি করেছেন বেন গভির: লিকুদ নেতা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, রোববার, ০১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩২০ জমাদিউল আউয়াল ১৪৪৮:

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডে আরব ভোটাররা বেশি সংখ্যায় ভোট দিতে উৎসাহিত হয়েছেন। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের মারাত্মক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন লিকুদ পার্টির এক নেতা। রোববার (১ নভেম্বর) জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

লিকুদের কেন্দ্রীয় কমিটির সদস্য শিমোন বোকার বলেন, চরমপন্থি এই মন্ত্রী বারবার উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের জোটের ক্ষতি করেছেন এবং আরব দলগুলোকে বেশি আসন পেতে সহায়তা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বৃহত্তম বেদুইন শহর রাহাতে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।

রাহাতে ভোট পর্যবেক্ষণ করা লিকুদের পর্যবেক্ষণকারী রামি জানান, শহরটির বাসিন্দাদের মধ্যে বেন গভিরের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছিল। তার মতে, এই ক্ষোভই বাসিন্দাদের নেতানিয়াহুর শিবিরের বিপক্ষে ভোট দিতে উৎসাহিত করেছে।

 

রাহাতের মেয়র তালাল আল-ক্রেনাউই ভোটার উপস্থিতিকে স্বাগত জানিয়ে একে সম্প্রদায়টির শক্তির বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন। শহরটির বাসিন্দারা বাড়িঘর ভেঙে ফেলা এবং বেন গভিরের বক্তব্যকে ভোট দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন।

 

তবে বেন গভিরের দল ওতজমা ইহুদিতের (জিউইশ পাওয়ার) এক কর্মী এ সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তার যুক্তি, আরব নাগরিকেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে এর জন্য মন্ত্রীকে দায়ী করা উচিত নয়। চূড়ান্ত ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধান দুই জোটের কোনোটিই। জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি আসন এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম পেয়েছে আটটি আসন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আগামী ৪ নভেম্বর ফলাফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে উপস্থাপন করার কথা রয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহু ও ইতামার বেন গভির। ছবি: সংগৃহীত