স্কুলের গেইটের তালা ভেঙে মালামাল নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সিরাজগঞ্জ পৌর এলাকা প্রতিনিধি,রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,২৮ ভাদ্র ১৪৩৩০১ রবিউস সানি ১৪৪৮:

সিরাজগঞ্জ পৌর এলাকার এসবি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেইটের তালা ভেঙে পুরাতন লোহার পাত, রড ও রেলের স্লিপারসহ প্রায় ৬০০ কেজি মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বিদ্যালয়ের নাইট গার্ড আব্দুর রহমান।

 

অভিযুক্ত বিএনপি নেতার নাম মিলন শেখ। তিনি সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

আব্দুর রহমান জানান, রাতে মিলন শেখ কয়েকজন লোকজন নিয়ে একটি পিকআপে করে স্কুলের প্রধান গেইটের সামনে আসেন। পরে গেইটের তালা ভেঙে পিকআপটি স্কুলের ভেতরে প্রবেশ করান। এরপর স্কুলের মাঠে পড়ে থাকা পুরাতন লোহার পাত, লোহার রড, রেলের স্লিপারসহ বিভিন্ন মালামাল পিকআপে তুলে নিয়ে চলে যান। যার আনুমানিক ওজন প্রায় ৬০০ কেজি।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এলাকায় মিলন শেখের প্রভাব থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। তাদের দাবি, এর আগেও ওই শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 

প্রতিষ্ঠানটির নিরাপত্তা ও মালামাল সংরক্ষণে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা রয়েছে উল্লেখ করে স্থানীয়রা অধ্যক্ষ আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিগত সময়ে নানা অনিয়ম-দুর্নীতির যে অভিযোগ রয়েছে, তারও তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মিলন শেখ। তিনি বলেন, আমি রাতে একজন শিক্ষককে খুঁজতে স্কুলে গিয়েছিলাম। এই চুরির ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

 

এসবি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, রাতে নাইট গার্ড আব্দুর রহমান ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

  • Advertisement

 

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমি দেখছি।