(ভিডিও)রুনা লায়লাকে নিয়ে গুজব ছড়ানোয় ক্ষুব্ধ মেয়ে তানি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||  ভাদ্র ২৫ ১৪৩৩ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, “মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা”। এমন খবর ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমনই একটি পোস্টের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ক্ষোভ জানান তানি। তার অভিযোগ, সামান্য অর্থ উপার্জনের আশায় এক শ্রেণির মানুষ এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও মনগড়া তথ্য ছড়িয়ে দিচ্ছেন।

 

তানি লায়লা লেখেন, “সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব, একটা একটা করে, যতক্ষণ না এসব লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।”

মায়ের দীর্ঘ সংগীতজীবনের কথা উল্লেখ করে তানি লায়লা বলেন, “আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনো তাকে এভাবে অসম্মান করে চলেছে। কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!”

 

রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ আছেন জানিয়ে তানি লায়লা লিখেছেন, “আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।”

 

তানি লায়লা এখানেই থামেননি। বরং এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রুনা লায়লার ভক্ত ও অনুসারীদেরও এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।

তবে রুনা লায়লাকে ঘিরে মৃত্যুর গুজব এবারই প্রথম নয়। প্রায় চার মাস আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময়ও একই ধরনের ভুয়া খবর ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছিলেন এই শিল্পী।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুনা লায়লা জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি লিখেছিলেন, “আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমি বহাল তবিয়তে বেঁচে আছি।”

  • Advertisement

 

সেই পোস্টে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে দুঃখ প্রকাশ করে রুনা লায়লা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন। অনুরোধ করে তিনি বলেছিলেন, “কোনো পোস্ট শেয়ার করার আগে যেন তথ্য যাচাই করে নেওয়া হয়। কারণ এ ধরনের গুজব তার ও তার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।”

রুনা লায়লার সঙ্গে কন্যা তানি লায়লা