ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকার সাভার প্রতিনিধি,মঙ্গলবার,০৭ জুলাই ২০২৬,২২ আষাঢ় ১৪৩৩২১ মুহাররম ১৪৪৮ :
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
বোমা হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: তথ্য উপদেষ্টা
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।”
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. সজীব (৩২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব যুবলীগ কর্মী।
সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হন। রাতেই সাভার মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার বাদী হয়েছেন- এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি, জুলাই যোদ্ধা মো. ইউনুস আলী এবং আজহারুল ইসলাম তামিম।

এনসিপির সমাবেশে হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতরা।


