ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৭ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি :
হরমুজ প্রণালি নিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গুরুত্বপূর্ণ এই প্রণালির একটি মানচিত্র শেয়ার করেছেন তিনি। তাতে হরমুজের বদলে প্রণালিটিকে ট্রাম্প প্রণালি আখ্যা দেয়া হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কোনও ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প। ছবিটি প্রথমে ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির মূল নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ লেখা হয়।
এই জলপথকে ট্রাম্প প্রণালি আখ্যা দেয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত ২৭ মার্চ ইরানকে জলপথটি পুনরায় খুলে দেয়ার আহ্বান জানাতে গিয়ে ট্রাম্প এই শব্দবন্ধ ব্যবহার করেন। তিনি সৌদি সমর্থিত এফআইআই প্রায়োরিটি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেয়ার সময় বলেন, ‘তাদের (ইরান) ট্রাম্প প্রণালি খুলতে হবে, মানে হরমুজ। দুঃখিত, আমি খুবই দুঃখিত। এটা ভয়ানক ভুল।’
তবে এবার সজ্ঞানেই সেই ‘ভুল’ করলেন ট্রাম্প। ইরানের বন্দরগুলোর ওপর চলমান নৌ-অবরোধ দীর্ঘায়িত হতে পারে বলে জানানোর পরই হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এই পোস্ট সামনে এলো। নৌ-অবরোধ নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর তেলের দাম চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। বৃহস্পতিবারও এই ঊর্ধ্বগতি অব্যাহত আছে।
Advertisement

যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের পক্ষে নেই তার নিজের সমর্থকদের একাংশও। এতে মার্কিন ভোক্তাদের খরচ যেমন বেড়েছে, তেমনি মিত্র দেশগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি



