ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার ২৫ মার্চ ২০২৬ || চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি :
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই হামলার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ)।
এমডিএ জানায়, বেনি ব্রাক শহরে নয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। শহরটি তেল আবিবের কাছে অবস্থিত। আহতদের মধ্যে ২৩ বছর বয়সী এক তরুণ পেট ও মাথায় স্প্লিন্টারের আঘাতে মাঝারি অবস্থায় আছেন। বাকি আটজনের অবস্থা হালকা, যাদের মধ্যে ছয়জন শিশু। এ ছাড়া কাছাকাছি গিভাত শমুয়েল এলাকায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানায় এমডিএ।
সংবাদ সংস্থার ফুটেজে দেখা গেছে, হামলায় বেনি ব্রাক শহরের কয়েকটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ভবনের বারান্দা ভেঙে একটি গাড়ির ওপর পড়ে এবং অন্য একটি ভবনের ওপরের তলার একটি ফ্ল্যাট নিচের তলায় ধসে পড়ে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের সতর্কতায় তারা ১২টি সতর্কবার্তা জারি করেছে।
এদিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরায়েলে এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে সহিংসতা বৃদ্ধির পর এই প্রথম কোনো বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটল। খবর সিএনএন
ইসরায়েলের জরুরি পরিষেবার বরাতে জানা গেছে, নিহত ওই নারীর বয়স ৩০ বছর। মঙ্গলবার (২৪ মার্চ) উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় রকেট হামলায় তিনি প্রাণ হারান। একই ঘটনায় আরও দুইজন বেসামরিক ব্যক্তি শার্পনেলের আঘাতে সামান্য আহত হয়েছেন।
ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এর দুই দিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়।
সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ব্যাপক হারে রকেট নিক্ষেপ করছে। ইসরায়েলি সামরিক এক কর্মকর্তার তথ্যমতে, হিজবুল্লাহ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১১০টি প্রজেক্টাইল নিক্ষেপ করছে। এর মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে লক্ষ্য করে ছোড়া হচ্ছে, আর বাকি অংশ উত্তর ইসরায়েলের বেসামরিক এলাকায় আঘাত হানছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে একই দিনে আপার গ্যালিলি অঞ্চলে পৃথক আরেকটি ঘটনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শার্পনেলে আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কিছু ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: সংগৃহীত


