ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার ১৫ মার্চ ২০২৬ || চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি :
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আহ্বানে এখন পর্যন্ত কোনও দেশই প্রকাশ্যে সাড়া দেয়নি। বরং চীন, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিজস্ব সিদ্ধান্ত নেয়ার কথাই বলছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল বন্ধ করে দেয়ায় তিনি এমন আহ্বান জানান।
তবে এখন পর্যন্ত কোনও দেশই প্রকাশ্যে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিকল্প নিয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাজ্য।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে চীনা দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বেইজিং সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে। তাদের মতে, ‘স্থিতিশীল ও বাধাহীন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষের।’
জাপানের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শুধু ট্রাম্পের আহ্বানে জাপান যুদ্ধজাহাজ পাঠাবে না। তারা বলেন, ‘জাপান নিজের প্রতিক্রিয়া নিজেই নির্ধারণ করে এবং স্বাধীন সিদ্ধান্তই এখানে মৌলিক বিষয়।’
ফ্রান্স ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তারা কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘না, ফরাসি বিমানবাহী রণতরী এবং এর বহর পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে।’
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের আহ্বান তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে।



