ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬ || ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি :
সংযুক্ত আরব আমিরাতের বন্দরে ড্রোন বিস্ফোরণে
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন ভূপাতিত করার পর সেটির ধ্বংসাবশেষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। খবর আল-জাজিরার।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন শনাক্ত করার পর সেটিকে আকাশেই ধ্বংস করে দেয়। এসময় ভূপাতিত হওয়া ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষ ফুজাইরাহ তেল শিল্প এলাকার ওপর পড়লে সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ফুজাইরাহ কর্তৃপক্ষের তথ্যমতে, ড্রোনটি ভূপাতিত হওয়ার পরপরই উদ্ধারকারী এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের বা আহতের খবর পাওয়া যায়নি।
ফুজাইরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে ফুজাইরাহ কর্মকর্তারা জরুরি সেবা দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
ইসরায়েলি সেনাদের লেবাননে নতুন এলাকা দখলের নির্দেশ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি লেবাননে আরো বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “ইসরায়েলের সীমান্ত বসতিগুলোতে হামলা ঠেকাতে লেবাননের অতিরিক্ত নিয়ন্ত্রণকারী এলাকাগুলোতে অগ্রসর হতে এবং সেগুলো দখল করতে নেতানিয়াহু এবং আমি সেনাবাহিনীকে অনুমোদন দিয়েছি।”
তিনি আরো উল্লেখ করেন যে, “ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত রেখেছে।”
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অনুপ্রবেশ শুরু করেছে।
হামলায় ১৩ ইরানি সেনা নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ১৩ ইরানি সেনা নিহত হয়েছেন।
দেশের দক্ষিণাঞ্চলে কেরমান প্রদেশে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলা চালালে ১৩ সেনা নিহত হন বলে ইরানের সেনাবাহিনী জানায়। খবর আলজাজিরার।
ইরানের শাসনভার এখন কার হাতে?
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর, তেহরান রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছে।
শক্তিশালী সাংবিধানিক পর্যবেক্ষণ সংস্থার সদস্য আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে গত রবিবার এই অন্তর্বর্তীকালীন কাউন্সিলে নিযুক্ত করা হয়েছে। কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন- দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই।
ইরানের বর্তমান সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী, এই অন্তর্বর্তীকালীন কাউন্সিল ততক্ষণ পর্যন্ত দেশ পরিচালনা করবে যতক্ষণ না ৮৮ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করছে। গত শনিবার মার্কিন-ইসরায়েলি এক ভয়াবহ হামলায় খামেনি-এর প্রায় ৩৭ বছরের শাসনের অবসান ঘটে।
ইরানের সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তীকালীন কাউন্সিল যখন শাসনের দায়িত্ব গ্রহণ করবে, তখন বিশেষজ্ঞ পরিষদকে বা অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে ‘যত দ্রুত সম্ভব’ একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে।
হামলায় আইআরজিসির ৫ সেনা নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর ৫ সেনা নিহত হয়েছেন।
ইরানি মিডিয়া আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাঞ্চলের বুশেহর প্রদেশের জাম ও দির শহরে হামলায় আইআরজিসির বিমানবাহিনী ও নৌবাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
হামলার পর সৌদি আরবে মার্কিন দূতাবাসের সব সেবা বন্ধ
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবের বিভিন্ন মিশনে তাদের সব কার্যক্রম বাতিলের ঘোষণা দিয়েছে। খবর আল-জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করা দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (৩ মার্চ) সব নিয়মিত এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। সেই সাথে রিয়াদ, জেদ্দা এবং দাম্মামসহ দেশটির বিভিন্ন মিশনে অবস্থানরত কর্মীদের নিজ নিজ স্থানে নিরাপদে অবস্থান বা ‘শেল্টার ইন প্লেস’-এর নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, “দূতাবাসে হামলার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে যাওয়া থেকে বিরত থাকুন।”
মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দূতাবাস জানায়, “আমরা সব মার্কিন নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দিচ্ছি।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদস্থ দূতাবাসে ইরানের দুটি ড্রোন হামলার ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিযেছেন ।
আইআরজিসির ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে নতুন দফায় হামলা চালিয়ে দেশটির সামরিক বাহিনীর ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ ও বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (৩ মার্চ) মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, বিমান প্রতিরক্ষা স্থাপনা এবং সেইসাথে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও বিমানঘাঁটিগুলো ধ্বংস করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে সেন্টকম এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি।
তারা আরো যোগ করেছে, “ইরানি শাসনামল থেকে আসা আসন্ন হুমকির বিরুদ্ধে আমরা এমন সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব।”
ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল-জাজিরার।
গোষ্ঠীটি জানায়, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে তারা একঝাঁক ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
হিজবুল্লাহর মতে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই আক্রমণ চালিয়েছে।
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা
বাহরাইনের শাইখ ইসা এলাকায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আজ সকালে চালানো হামলায় ২০টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর ফলে মার্কিন বিমানঘাঁটির সদরদপ্তরের ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকগুলোতে আগুন লেগেছে।
তবে বাহরাইন থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার পর্যন্ত পাকিস্তানের ভিসা সাক্ষাৎকার বাতিল করল যুক্তরাষ্ট্র
পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সব ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সিদ্ধান্ত শুধু রাজধানীর দূতাবাসেই নয়, লাহোর ও করাচিতে থাকা কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত ভিসা সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত থাকবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে গত রবিবার করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কনস্যুলেট ভবনে হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের খবর প্রকাশের পর ওই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে।
কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার দাবি ইরানের
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার দাবি করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতি জানায়, তারা ১০টি ড্রোন ব্যবহার করে কুয়েতে মার্কিন সেনাসমৃদ্ধ ‘আরিফজান ঘাঁটিতে’ নতুন দফায় হামলা চালিয়েছে।
ইরানের দাবি, ড্রোনগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হামলায় সোমবার ইরানে অন্তত ৯৬ জন নিহত: মানবাধিকার সংস্থা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত। এর মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক ও ১১ জন সামরিক সদস্য রয়েছেন।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এ তথ্য জানায়।
গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪২ জন। এর মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।
এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছিল, হামলায় মৃতের সংখ্যা ৫৫৫ জন।
তবে আলজাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায়, সোমবার যুক্তরাষ্ট্র–ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে আঘাত হানে। এর মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বন্দর আব্বাসে অবস্থিত শহীদ বাহোনার জেটি রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ইরানের বড় হামলা
সংযুক্ত আরব আমিরাতের দিকে নতুন করে একঝাঁক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাত এ তথ্য জানিয়ে বলেছে, ইরান থেকে উৎক্ষেপণ করা বড় ধরনের এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে তারা কাজ করছে। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “আমিরাতের আকাশ প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ইরান থেকে আসা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে।”
মন্ত্রণালয় আশ্বস্ত করে বলেছে, “দেশের ভূখণ্ড রক্ষা এবং নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।”
হংকংভিত্তিক সংবাদমাধ্যম ডিমসাম ডেইলি বলছে, সাম্প্রতিক দিনগুলোতে চালানো এই ইরানি ক্ষেপণাস্ত্র হামলা দুবাইয়ের দীর্ঘদিনের সেই ইমেজকে নাড়িয়ে দিয়েছে- যা প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও গ্ল্যামারাস শহর হিসেবে পরিচিত ছিল। অভিজাত এলাকাগুলোর আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও ক্ষয়ক্ষতির খবর দেখে অনেক প্রবাসী ও পর্যটক এখন সেখানে থাকা বা যাওয়ার পরিকল্পনা নতুন করে ভাবছেন। তবে এর মধ্যেই স্কুল এবং শপিং মলগুলো আগের মতোই স্বাভাবিকভাবে চলছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আতঙ্ক প্রকাশ করলেও কেউ কেউ বলছেন, দুবাইয়ের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
বিশ্লেষকদের মতে, আইকনিক স্থানগুলোর কাছাকাছি ক্ষয়ক্ষতির দৃশ্য দুবাইয়ের ‘অজেয়’ থাকার ধারণাকে আঘাত করেছে। বিশেষ করে যারা অন্য দেশের যুদ্ধবিগ্রহ থেকে বাঁচতে দুবাইয়ে আশ্রয় নিয়েছিলেন, তাদের মনে নতুন করে ভয় ঢুকেছে। যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়েছে, তবুও মানুষের মনের এই আতঙ্ক কাটতে সময় লাগবে।



