https://www.facebook.com/share/v/1AsMgkdJjF/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,সোমবার,০৯ নভেম্বর ২০২৬,২৪ কার্তিক ১৪৩৩২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানায় জব্দ করা দুটি ব্যাটারিচালিত রিকশা ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। দাবি করা টাকা না দেওয়ায় বাবা-ছেলেকে চুরির মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
এ ছাড়া পুলিশের টাকা দাবির কথোপকথন মুঠোফোনে গোপনে ধারণ করায় ক্ষুব্ধ হয়ে পুলিশ তাদের তিনটি মুঠোফোন ও গ্যারেজের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. শাহজাহান শেখের মেয়ে সায়মা আক্তার। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জব্দ করা সাইকেল ফেরত এবং পুলিশের নেওয়া মুঠোফোন ও সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সায়মা আক্তার বলেন, “গত ১৯ অক্টোবর বালিগাঁও বাজারের ভ্যানচালক শাহীন তার বেয়াই ও পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তাদের বাবার গ্যারেজে আসেন। এ সময় শাহীন দুটি ব্যাটারিচালিত রিকশা বিক্রির প্রস্তাব দেন। প্রথমে তার বাবা রাজি না হলেও পরে শাহীন ও তার পরিবারের সদস্যরা রিকশা দুটি ছয় মাস আগে কেনা হয়েছে বলে দাবি করেন। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন থাকায় তার বাবা রিকশা দুটি কিনতে সম্মত হন। পরে ৩০ হাজার টাকা দাম নির্ধারণ হলে ১৯ অক্টোবর ২৫ হাজার এবং ২২ অক্টোবর বাকি পাঁচ হাজার টাকা পরিশোধ করেন।”
সায়মার অভিযোগ, ২২ অক্টোবর দুপুরে কয়েকজন পুলিশ সদস্য তাদের বাবার গ্যারেজে গিয়ে তালা খুলতে চাপ দেন। একপর্যায়ে গ্যারেজ খুলে দুটি রিকশা নিয়ে যান তারা। এ সময় তার ভাইকে মারধর করা হয়। গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্য ধারণ হলেও পরে পুলিশ সদস্যরা ক্যামেরা ভেঙে হার্ডডিস্ক নিয়ে যান।
তিনি আরো দাবি করেন, ওই দিন সন্ধ্যায় রিকশা দুটি ছাড়িয়ে নিতে তার বাবা ও ভাইকে ফোন করে থানায় ডেকে নেওয়া হয়। তারা টঙ্গিবাড়ী থানায় গেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান আলীসহ আরও দুজন পুলিশ সদস্য তার বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে রিকশা আটকে রাখা এবং বাবা-ছেলেকে চুরির মামলায় গ্রেপ্তার দেখানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন সায়মা।
সায়মার ভাষ্য, একপর্যায়ে তার বাবা ৫০ হাজার টাকা দিতে রাজি হন। এ সময় তার ভাই গোপনে নিজের মুঠোফোনে পুলিশের এক কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কিছু অংশ রেকর্ড করেন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ সদস্যরা ক্ষুব্ধ হন। পরে ৫০ হাজার টাকা না নিয়ে তার ভাইয়ের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন ও বিকাশ লেনদেনে ব্যবহৃত একটি বাটন ফোনসহ মোট তিনটি মুঠোফোন নিয়ে নেওয়া হয়।
সায়মা জানান, ওই দিন রাত ১০টার পরও তার বাবা ও ভাই বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ নিতে গ্যারেজে যান। পরে জানতে পারেন, তাদের থানায় আটকে রাখা হয়েছে। রাত ১২টার দিকে পুলিশ তার ভাইকে গাড়িতে তুলে নিয়ে যায়। একই সঙ্গে বাবার গ্যারেজ থেকে ৪২টি সাইকেল নিয়ে যায়।
সায়মার দাবি, উদ্ধার করা সাইকেলগুলো তার বাবা বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে কিনে মেরামতের জন্য গ্যারেজে রাখতেন। কিছু সাইকেল নিজেও কিনেছিলেন। মেরামত শেষে সেগুলো ভাড়ায় চালানোর জন্য দেওয়া হতো। এটি তাদের বাবার বৈধ ব্যবসার অংশ। অথচ এসব সাইকেল চোরাই মালামাল হিসেবে দেখিয়ে তার বাবাকে মামলায় জড়ানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গিবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম মোল্লার বিরুদ্ধেও হয়রানির অভিযোগ তোলেন সায়মা। তিনি দাবি করেন, তার ভাইয়ের মুঠোফোন ফেরত চাইলে তদন্ত কর্মকর্তা নানা টালবাহানা করছেন ও তাকে রিমান্ডে নেওয়ার ভয় দেখাচ্ছেন। রিমান্ড থেকে রক্ষা করতে বালিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন খানের মাধ্যমে টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওই ইউপি সদস্য তাদের জানিয়েছেন, বিষয়টি সমাধানের জন্য পুলিশ তাকে বারবার ফোন দিচ্ছে।
সায়মা বলেন, তার বাবা ও ভাইয়ের আলাদা ব্যবসা রয়েছে। অথচ তার ভাইকে বাবার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে মামলায় জড়ানো হয়েছে। রিকশা কেনার বিষয়ে কোনো অভিযোগ থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা যেত বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে সায়মা বলেন, “যারা আইনের পথ দেখাবেন, তারা যদি টাকার জন্য আইন ভঙ্গ করেন, তাহলে আমরা কোথায় যাব? আজ সংবাদ সম্মেলন করে যাওয়ার পর আমাদের সঙ্গে কী হবে, জানি না। তবে আমরা সব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।”
তিনি আরও বলেন, তার বাবা ও ভাইয়ের কাছ থেকে নেওয়া তিনটি মুঠোফোন এবং গ্যারেজের সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধার করতে হবে। হার্ডডিস্কের কোনো ভিডিও যেন মুছে ফেলা না হয়। ভিডিও ফুটেজ পরীক্ষা করলেই তাদের অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ওঠা টাকা দাবির অভিযোগের তদন্ত, মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জব্দ করা সাইকেলগুলো ফেরত দেওয়ার দাবি জানান।
এর আগে গত ২৩ অক্টোবর টঙ্গিবাড়ী থানার সামনে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, চোরাই বাইসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শাহজাহান শেখ ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং তার বড় ছেলে মো. শামীম শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তারা উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা। এ সময় শাহজাহান মুন্সীর গোডাউন থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারের কথাও জানায় পুলিশ।
বালিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন খান টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে, টাকা দাবি ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই ওসমান আলী বলেন, “টাকা কে চেয়েছে, এমন বিষয় আমি জানি না। তবে ভালো কাজ করলে বদনাম হয়। আমাকে জড়ানো হচ্ছে।”
-
Advertisement

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. কামরান হোসেন বলেন, “মামলার বিষয়টি তদন্তাধীন ছিল। যেহেতু গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ এসেছে, সেটিও আমরা আমলে নিচ্ছি। তদন্তে যদি পুলিশের কারো বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার


