(ভিডিও)নকশিকাঁথার জামালপুরে ‘ইত্যাদি’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি , শুক্রবার,২৫ সেপ্টেম্বর ২০২৬,১০ আশ্বিন ১৪৩৩১৩ রবিউস সানি ১৪৪৮ :

বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ নানা বিষয়ই তুলে আনা হয় এই অনুষ্ঠানে।

 

‘ইত্যাদি’-এর নতুন পর্ব ধারণ করা হয়েছে মেঘালয় ছোঁয়া প্রকৃতির অপরূপ লীলাভূমি সীমান্তবর্তী জেলা নকশিকাঁথার জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চ নির্মাণ করা হয় বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সবুজ বনানী ও নৈসর্গিক লেক পরিবেষ্টিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে’। পার্কের প্রাকৃতিক পরিবেশ, পাহাড় ও সবুজের সমারোহের সঙ্গে চমৎকার সামঞ্জস্য রেখে সাজানো হয় দৃষ্টিনন্দন মঞ্চ।

 

এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরণের গান। একটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম। ইত্যাদির মাধ্যমেই টেলিভিশন পর্দায় তাদের প্রথম আবির্ভাব ঘটেছিল। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম গেয়েছেন ইত্যাদি অনুষ্ঠানে

 

জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম গেয়েছেন ইত্যাদি অনুষ্ঠানে

 

বরাবরের মতো এবারো অন্তর্ভুক্ত করা হয়েছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈতকণ্ঠে গেয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। যাদের বাড়িও এই জামালপুরে। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের মনোমুগ্ধকর নৃত্য পরিচালনায় এই গানটির সঙ্গে স্থানীয় বাঙালি ও গারো নৃত্য পরিবেশনা পুরো মঞ্চকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত হাজারো দর্শক করতালি আর উচ্ছ্বাসে গান দুটি উপভোগ করেন।

অনুষ্ঠানটির নিয়মিত আয়োজন দর্শকপর্বের প্রথা অনুযায়ী, ধারণস্থান জামালপুরকে কেন্দ্র করে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝ থেকে নির্বাচিত হন চারজন দর্শক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোনীত এই দর্শকরা জামালপুরের চারজন স্মরণীয়-বরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধতায় ভরিয়ে দেয়।

 

 

 

ইত্যাদির নতুন পর্বের একটি দৃশ্য

বরাবরের মতো এবারো থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। জামালপুরের অর্থনীতি ও সংস্কৃতির অনন্য প্রতীক ‘নকশিকাঁথা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’-এর ওপর বিশেষ প্রতিবেদনের পাশাপাশি জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদের ওপর একটি তথ্যভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম জামালপুরের ‘তুলসীপুর ঘোড়ার হাট’-এর ওপর রয়েছে একটি ভিন্নধর্মী প্রতিবেদন। জামালপুরে নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার, অভাবের তাড়নায় বাল্যবিবাহের ক্ষতিগ্রস্ত পরিবার নিয়েও রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এছাড়া জামালপুরের জন্ম নেওয়া চারজন কালজয়ী গুণী ব্যক্তিত্বের অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের পরিশ্রমে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অদম্য জীবনসংগ্রামের গল্প নিয়ে থাকছে অনুপ্রেরণাদায়ক মানবিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম ‘সুঝৌ’ সিটির ওপর একটি বিশেষ চিত্রায়ন।

  • Advertisement

 

অনুষ্ঠানটিতে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি নিয়মিত ‘চিঠিপত্র’ পর্বের সঙ্গে থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একাধিক তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা।

বরাবরের মতো এবারো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন হানিফ সংকেত

বরাবরের মতো এবারো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন হানিফ সংকেত

অতীতের মতো ইত্যাদির এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এই পর্ব। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বরাবরের মতো কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ থাকছে ইত্যাদির নতুন পর্বে