ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার,১৫ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ :
চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ না হলে এবং সংশ্লিষ্ট পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করবেন বলে জানিয়েছেন তিনি। একই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তাদের ছেলে ফারদিনও।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বুধবার বিকেল সাড়ে ৪টায় বিএফডিসি মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। এ সময় ভিডিও কলে ছেলের সঙ্গেও কথা বলেন তিনি।
ওমর সানী বলেন, “আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়? ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।”
তিনি আরো বলেন, “আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রে মাকে বাসা থেকে বের করে দিয়েছেন। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তিও নেই বলে দাবি করেন তিনি।
এদিকে পরিবারকে নিয়ে এমন আলোচনা ও মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ফারদিন। ভিডিও কলে যুক্ত হয়ে তিনি বলেন, “যখন বিষয়টা বাবা-মা পর্যন্ত চলে যায়, তখন আসলে মেনে নেওয়া কঠিন। কেউ আমাকে নিয়ে ভিউ ব্যবসা করলে, আমাকে নিয়ে মন্তব্য করে টাকা আয় করলে করুক। কিন্তু আমার পরিবার, আমার মা-কে নিয়ে কথা বলা ঠিক নয়। সবারই মা-বোন আছে। এসব আমি মেনে নিতে পারি না।”
নিজেদের পারিবারিক সম্পর্কের বিষয়ে ফারদিন বলেন, “আমার বাবা ব্যবসার জন্য বাইরে থাকেন, আমিও ব্যবসার কারণে দূরে আছি। আম্মু আমার ছোট বোনের সঙ্গে থাকেন। কিন্তু প্রতিদিন আমরা গ্রুপ কলে বসি। মনে হয়, সবাই একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে বসে গল্প করছি। আমাদের পরিবারে এসব দিয়ে ভাঙন ধরানো তো দূরের কথা, তেমন প্রভাবও পড়ে না। কিন্তু এখন আমার অফিসে এসে মানুষ জিজ্ঞেস করছে, ফোন দিচ্ছে। এটা মেনে নেওয়ার মতো নয়।”
ফারদিন জানান, পরিবারকে নিয়ে ছড়ানো খবর ও মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছেন তিনি। এ জন্য তার আইনজীবীদের একটি দল কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
-
Advertisement

ফারদিন বলেন, “আমি এই বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। আমার আইনজীবীদের একটি দল ইতিমধ্যে এ নিয়ে কাজ করছে। তাদের কাছে আইনি নোটিশ যাবে। মানহানির মামলা বা বাংলাদেশের আইনে যে ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সে অনুযায়ী পদক্ষেপ নেব।”

মৌসুমী ও ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী


