(ভিডিও)২৭ বছর পর ‘হঠাৎ বৃষ্টি’

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, সোমবার,২১ সেপ্টেম্বর ২০২৬,৬ আশ্বিন ১৪৩৩০৯ রবিউস সানি ১৪৪৮ :

নব্বই দশকের দর্শকের কাছে এখনো স্মৃতিময় ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে ঈদুল আজহার দিনে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের পর সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তারপর কেটে গেছে দুই যুগের বেশি সময়। দীর্ঘ ২৭ বছর পর নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটির রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’।

 

কামরুজ্জামান পরিচালিত সিনেমাটি আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে পূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। পরিচালক জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ডের অনুমোদনও পেয়েছে।

 

কামরুজ্জামান বলেন, “হঠাৎ বৃষ্টি’ দর্শকের কাছে আবেগের একটি সিনেমা। এমন জনপ্রিয় সিনেমাকে নতুনভাবে নির্মাণ করা বড় চ্যালেঞ্জ। পুরোনো সিনেমাটির প্রতি সম্মান রেখেই বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে নতুন সিনেমাটি নির্মাণ করেছি। গল্পের মূল আবহ ঠিক রেখে নির্মাণ, অভিনয় ও উপস্থাপনায় নিজস্বতা রাখার চেষ্টা করেছি।”

১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। এতে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সিনেমায় ফেরদৌসের চরিত্রে আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছেন রাদিফা। তাছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।

 

আরিয়ানের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম। তিনি বলেন, “শুটিংয়ের আগে পুরো সিনেমাটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ করিনি।”

 

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নতুন সিনেমাটি প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর এলাকার একটি সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে।

হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেকে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন