https://www.facebook.com/share/v/198QYjHdAd/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বগুড়া প্রতিনিধি,সোমবার ১৩ জুলাই ২০২৬ || আষাঢ় ২৯ ১৪৩৩ || ২৭ মহররম ১৪৪৮ হিজরি :
অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, এক দালাল তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠালেও চুক্তি অনুযায়ী সেখানে কাজের ব্যবস্থা করে দেননি। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে। তদন্তের প্রয়োজনে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। সেই সূত্র ধরেই অভিযোগকারীর প্রবাসী পুত্রবধূর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। অভিযোগ ওঠে, এসআই মোস্তাফিজার ওই নারীর সাথে মোবাইল ফোনে আপত্তিকর ও অশালীন কথোপকথন করতেন। এরপর পুলিশ সুপার বিষয়টি তদন্তের দায়িত্ব দেন ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলীকে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অনুসন্ধানের সময় এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে হওয়া আপত্তিকর কথোপকথনের অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলী জানান, পুলিশ লাইন্সে সংযুক্তির আদেশ পাওয়ার পর এসআই মোস্তাফিজার রহমানকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে এসআই মোস্তাফিজার রহমানকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।

রাজশাহী তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার


