ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাইবান্ধার পলাশবাড়ী প্রতিনিধি,সোমবার ১৩ জুলাই ২০২৬ || আষাঢ় ২৯ ১৪৩৩ || ২৭ মহররম ১৪৪৮ হিজরি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার এর অভিযোগ উঠেছে।
১২ জুলাই রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণীদাসকে বাইরে আসতে বলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও মন্দিরের চাবি সঙ্গে নিতে নির্দেশ দেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তিরা জানান যে রাজধানীর উত্তরা এলাকার একটি পুরোনো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। স্থানীয়দের ধারণা, ২০১৮ সালের একটি মামলার ওয়ারেন্ট কার্যকর করতেই তাকে আটক করা হয়েছে। তবে সংশ্লিষ্ট মামলার নম্বর, অভিযোগের প্রকৃতি কিংবা গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংশ্লিষ্ট মন্দিরে অবস্থান করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। হরিদাস তরণীদাসের গ্রেপ্তারের সঙ্গে অন্যান্য আলোচিত মামলার প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করা হলেও, সেসব বক্তব্যের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।



