ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানী নিউমার্কেট প্রতিনিধি,বুধবার ২৯ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি :
টিটন হত্যার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব। তিনি জানান, মামলায় ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিল টিটনের নাম।
৫১ বছর বয়সী খন্দকার নাঈম আহমেদ টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের স্ত্রীর বড় ভাই। পুলিশ বলছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হতে পারে। তাই এ হত্যাকাণ্ডে ইমনসহ সন্দেহভাজন ও সন্দেহজনক সবকিছুকেই সামনে রেখে তদন্ত করছেন তারা।
নিহতের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন জানান, নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত টিটনের সঙ্গে সন্ত্রাসী পিচ্চি হেলালের বসিলা গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ চলছিল। তবে পিচ্চি হেলালের সঙ্গে চলমান ঝামেলা মিটমাট হয়ে যাবে বলে জানিয়েছিলেন টিটন। এরমধ্যে গতকাল রাতে খুন হন তিনি।
Advertisement

সোশ্যাল মিডিয়ায় আপন ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী ইমনের সঙ্গে বিরোধের বিষয়টি তোলা হলে সাফ অস্বীকার করেন স্বজনরা। তারা জানান, ইমনের সঙ্গে তেমন কোনো বিরোধ ছিল না। পরিবারের সদস্যদের মধ্যে এমন সমস্যা সবার থাকে। তবে বেশ কয়েকজনকে সন্দেহের কথা জানিয়েছেন নিহতের বড় ভাই।

খন্দকার নাঈম আহমেদ টিটন। ছবি: সংগৃহীত


